অনুমোদনবিহীন ভবন নির্মাণ হচ্ছে সাভার পৌর এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্র নামাবাজারের পাশেই উপজেলা খাদ্যগুদাম। খাদ্যগুদামের উত্তর পাশের রাস্তা ঘেঁষে গড়ে উঠছে একটি বহুতল ভবন। ভবনটি নির্মাণে কোনো অনুমতি না থাকলেও পৌর কর্তৃপক্ষ মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
অথচ ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পৌর এলাকার ভেতরে পাকা স্থাপনা নির্মাণ করার আগে অবশ্যই কতৃ৴পক্ষের অনুমতি প্রয়োজন। তবে সাভার পৌর এলাকা রাজধানীর কাছে হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি নিয়েও ভবন নির্মাণ করা যায়।
ব্যবসায়ী হরিপদ সাহা আর আবদুস সোবাহান অনুমতি ছাড়াই মাত্র ১ শতাংশ জমির ওপর ওই ভবনটি নির্মাণ করেছেন। ইতিমধ্যে চারতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী নকশা অনুমোদনের পাশাপাশি রাস্তা থেকে পাঁচ ফুট দূরে স্থাপনা নির্মাণ করার কথা। কিন্তু হরিপদ সাহা আর আবদুস সোবাহান সেই নিয়মের তোয়াক্কা করেননি। বরং দ্বিতীয় তলা থেকে রাস্তার দিকে আরও তিন ফুট করে বাড়িয়ে দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া বহুতল ভবন নির্মাণের বিষয়ে হরিপদ সাহার ছেলে প্রবীর সাহা বলেন, ‘১ শতাংশ জমির ওপর ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয় না। এর পরও মেয়র রেফাত উল্লাহর কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছি।’
শুধু হরিপদ সাহার ভবনটিই নয়, পৌর এলাকার যত্রতত্র অনুমতি ছাড়াই অনেক স্থাপনা গড়ে উঠছে।
সাভার নামাবাজারের ভেতরে (সাবেক সিনেমা হলের স্থান) নির্মাণ করা হচ্ছে বহুতল বাণিজ্যিক ভবন। ইতিমধ্যে ভবনটির চারতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। ওই ভবন নির্মাণ করার ক্ষেত্রেও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়নি।
পৌর এলাকার দরিরামপুরে মাত্র পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে দ্বিতল বাড়ি। বাড়িটি নির্মাণের ক্ষেত্রেও অনুমতি নেওয়া হয়নি।
বাড়ির মালিক কবির হোসেন বলেন, ‘পৌর এলাকায় অনুমতি ছাড়াই অনেক বাড়ি নির্মাণ হচ্ছে। তাই আমিও অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি।’
সাভার পৌরসভা থেকে পৌর এলাকার কাজীমোকমা পাড়ায় ‘বিসমিল্লাহ টাওয়ার’ নামে আটতলা ভবনের অনুমতি দেওয়া হয় ২০১১ সালে। কিন্তু অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের দুই পাশে পাঁচ ফুট করে রাস্তা ছেড়ে ভবন নির্মাণ না করায় কর্তৃপক্ষ নকশা বাতিল করে দেয়। কিন্তু মাস চারেক পরে কর্তৃপক্ষ বাতিল আদেশ প্রত্যাহার করে নিলে নিয়ম না মেনেই ভবনটির নির্মাণকাজ শেষ হয়।
পৌর কর্তৃপক্ষের দাবি, ভবনটির পূর্ব পাশে এক ফুট করে বর্ধিত অংশ ভেঙে দেওয়ায় বাতিল আদেশ প্রত্যাহার করা হয়। তবে রাস্তা ছাড়ের বিষয়ে মন্তব্য করেননি তাঁরা।
সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, নামাবাজার ও দরিরামপুর এলাকায় অনুমতি ছাড়া ভবন নির্মাণের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। তদন্তে প্রমাণও পাওয়া যায়।
মেয়র রেফাত উল্লাহ বলেন, রানা প্লাজা ধসের পর পৌরসভা থেকে ভবন নির্মাণের কোনো অনুমোদন দেওয়া হচ্ছে না। এ কারণে অনুমোদন ছাড়াই অনেকে ভবন নির্মাণ করছেন। কিন্তু রাজনৈতিক কারণসহ নানা কারণে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
হরিপদ সাহার ভবন নির্মাণের মৌখিক অনুমতি দেওয়া প্রসঙ্গে রেফাত উল্লাহ বলেন, মৌখিকভাবে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। হরিপদ সাহার ছেলের বক্তব্য সঠিক নয়।