অনুমোদনহীন আবাসন কোম্পানির ২৪৭টি সাইনবোর্ড উচ্ছেদ
ঢাকার খিলক্ষেত ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন বিভিন্ন আবাসন কোম্পানির ২৪৭টি সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।গতকাল সোমবার ঢাকার খিলক্ষেত-নারায়ণগঞ্জ রূপগঞ্জ সড়কের দুই পাশ ও রূপগঞ্জ উপজেলার বালু নদের তীরে ওই উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এ সময় বালু নদ দখলের অভিযোগে ভুলুয়া রয়েল সিটির ১৫০ ফুট দীর্ঘ সীমানাপ্রাচীরের আংশিক ভেঙে ফেলা হয়।রাজউক সূত্র জানায়, গতকাল রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে খিলক্ষেত-রূপগঞ্জ সড়কের পাতিরা ও ডুমনি, রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও ছনি এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে তিনটি ট্রলার ও তিনটি নৌকা ব্যবহার করা হয়।ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা সাংবাদিকদের বলেন, খিলক্ষেত-রূপগঞ্জ সড়কের দুই পাশ থেকে ১৯৩টি এবং বালু নদের তীর থেকে ৫৪টি সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এর মধ্যে ভুলুয়া রয়েল সিটিসহ ভুলুয়া গ্রুপের ১০২টি, ফোর অ্যান্ড হোল্ডিং লিমিটেডের ৭৮টি, আশালয় হাউজিংয়ের ৩২টি, ঢাকা ভিলেজ ও এসএম আবাসনের ২২টি, পূর্বাচল সানসিটির ছয়টি, পূর্বাচল লেকভিউর ছয়টি ও বারিধারা রিভারভিউ মডেল সিটির একটি সাইনবোর্ড ও বিলবোর্ড রয়েছে।অভিযান চালানোর সময় রাজউকের অনুমোদন কর্মকর্তা শফিকুল ইসলাম, সহ-অনুমোদন কর্মকর্তা সুইটি বিশ্বাস ও এহসান, সহকারী নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, পরিদর্শক জাকির হোসেন, বিলাল হোসাইন এবং বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য উপস্থিত ছিলেন।বুড়িগঙ্গা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী খেয়াঘাটে বুড়িগঙ্গা নদীর দুই তীরে অবৈধভাবে ভরাট করে তিনটি ইটের ভাটা, একটি করাতকল ও একটি জ্বালানি তেলের পাম্প গড়ে ওঠে। ওই পাঁচটি প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদে গতকাল বেলা ১১টার দিকে অভিযান চালায় বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কার্যালয়। ওই কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল্লাহ বলেন, ভেকু ব্যবহার করে শফিকুল ইসলামের ইটভাটার মাটির কিছু অংশ সরানো হয়েছে। অবশিষ্টাংশ সাত দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নদী দখল করে ইটভাটা নির্মাণের দায়ে শফিকুলকে এক লাখ টাকা জরিমানা করেছেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। করাতকলের মালিক দেলোয়ার হোসেনকেও নদী ভরাট করা অংশ তাঁর নিজ দায়িত্বে কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তাঁর দখল করা কিছু অংশের মাটি ভেকু দিয়ে তুলে দখলমুক্ত করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার বলেন, হাইকোর্টের নির্দেশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।অভিযানে কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফেরদৌস আহম্মেদসহ বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্য উপস্থিত ছিলেন।