অনুমোদনহীন ওষুধ বিক্রি, পুলিশ নেয় চাঁদা!
মৌলভীবাজারের জুড়ীতে প্রকাশ্যে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিক্রেতাদের দাবি, স্থানীয় পুলিশকে চাঁদা দিয়ে তাঁরা ওষুধ বিক্রি করছেন। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী, ওষুধ বিক্রেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজেদের আয়ুর্বেদিক চিকিত্সক দাবি করে সাত-আটজন বহিরাগত লোক তিন সপ্তাহ ধরে উপজেলা সদরের শিশুপার্ক চত্বর এলাকায় বিভিন্ন জটিল রোগের অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আক্তার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন শিশুপার্ক চত্বরে যান। পুলিশের জিজ্ঞাসাবাদকালে মোস্তফা হোসেন নামের এক ব্যক্তি নিজেকে আয়ুর্বেদিক চিকিত্সক বলে দাবি করেন। মোক্তার হোসেন তাঁর বাড়ি শরীয়তপুর জেলায় বলে জানান। এ সময় পরিস্থিতি টের পেয়ে অন্যরা সটকে পড়ে।প্রত্যক্ষদর্শী ও মোস্তফা হোসেন পুলিশ কর্মকর্তাদের জানান, আকবর আলী নামে পুলিশের এক লোক প্রতি সপ্তাহে তাঁদের কাছ থেকে ২০০ টাকা চাঁদা নেন।খোঁজ নিয়ে জানা যায়, আকবর আলী জুড়ী থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। পেশাগত কাজে তিনি বর্তমানে ঢাকায় আছেন। গতকাল রোববার মুঠোফোনে এ প্রতিনিধির সঙ্গে কথা হয় কনস্টেবল আকবর আলীর। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু জুড়ী থানার এসআই সৈয়দ আক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কনস্টেবল আকবরের বিষয়টি ওসি স্যারকে জানিয়েছি। আর ওষুধ বিক্রেতাকে নিজের সনদপত্র ও ওষুধ বিক্রির অনুমোদনের কাগজপত্র নিয়ে রাতে (বৃহস্পতিবার) ওসি স্যারের কাছে আসতে নির্দেশ দিয়েছিলাম।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কেউ কাগজপত্র নিয়ে আসেনি। তবে ঘটনাটি শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।’