অনুমোদনহীন কলেজে ভর্তি না হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার জন্য গতকাল বুধবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তির কপি গণমাধ্যম, বোর্ডের ওয়েবসাইট ও বোর্ডের অধিভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।  শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম বলেন, শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ছয়টি জেলায় অনুমোদনহীন ও নামসর্বস্ব কয়েকটি কলেজ চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রচার করছে। এ ধরনের প্রচার সম্পূর্ণ বেআইনি ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমোদন আছে কি না, তা যাচাই করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে কলেজের কোড নম্বর ছাড়া কোনো শিক্ষার্থী যেন ভর্তি হয়ে প্রতারিত না হন, সে জন্য ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনুমোদনহীন কলেজ যাঁরা পরিচালনা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৩টি অনুমোদনহীন কলেজ রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১২টি, ফেনীতে সাতটি এবং চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি করে কলেজ রয়েছে। অনুমোদন না থাকা সত্ত্বেও তিন দিন ধরে কুমিল্লা সদর হাসপাতাল সড়কের কুমিল্লা সেন্ট্রাল কলেজ, মডার্ন হাসপাতালের লাগোয়া কুমিল্লা মেট্রোপলিটন কমার্স কলেজ ও কুমিল্লা সেনানিবাস এলাকার পাঠশালা রেসিডেনসিয়াল কলেজ শিক্ষার্থী ভর্তির প্রচারণা চালাচ্ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘যে কলেজ অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে, সেখানে কাঙ্ক্ষিত পাঠদান হতে পারে না। অবিলম্বে তদন্ত করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বোর্ড ও প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অলিউর রহমান বলেন, ‘শর্ত পূরণ না করে কলেজ গড়ে ওঠায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুমোদনহীন কলেজের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব।’