অনুমোদনহীন কারখানায় ‘প্রাপ্তবয়স্কদের পানীয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাইলে ঘুম ঘুম ভাব হয়, চক্করও মারে, ঘ্রাণটাও ফেনসিডিলের মতো। নেশা করা নিরাপদ নয়, সবাই খারাপও কয়, এইডা খাইলেই মোর সব হয়, তবে দামটা একটু বেশি।’ রেড হর্স নামের শক্তিবর্ধক পানীয় পানরত এক তরুণ তাঁর অনুভূতির কথা বলেন। মাদারীপুরের কালকিনিতে অব্যবহূত পৌর মার্কেটের ভেতরে স্থানীয়ভাবে তৈরি হয় এই পানীয়।কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী আবদুল কুদ্দস জানান, রেড হর্স নামের পানীয় নাকে নিলেই বিষাক্ত ওষুধের দুর্গন্ধ আসে। ভালো কেউই ওগুলো খায় না; বিক্রি হওয়া দোকানের পেছনের রুমে বসে উঠতি বয়সী নেশাখোরদেরই এটা খেতে দেখা যায়।অনুসন্ধানে জানা গেছে, ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য’ বোতলে লিখে সতর্কবাণী দিয়ে একটি চক্র মিক্সড ফুডস হার্বাল পানীয় ‘রেড হর্স’ অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করছে। এই চক্রটি ঢাকায় ভেজাল পানীয় উৎপাদন করে টিকতে না পারায় নিজ এলাকায় ওই স্থানে ঘাঁটি গেড়েছে। নেশাজাতীয় দ্রব্য দিয়ে তৈরি ওই পানীয় নেশাখোরদের টানছে। প্রতিষ্ঠানটি নাম দেওয়া হয়ে হয়েছে ওয়ান স্টার ফুডস অ্যান্ড বেভারেজ। উপজেলার সর্বত্র এই পানীয় পাওয়া যাচ্ছে। ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় রেড হর্স সরবরাহ করা হয়। ২৫০ মিলিলিটার বোতলের দাম ৫০ টাকা। ১৩৫ মিলিলিটার বোতলের দাম ৩০ টাকা।জানা গেছে, কোনো কোম্পানির খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণ করতে হলে ইউনিয়ন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স, উপজেলা সেনিটারি ইন্সস্পেক্টরের অনুমোদন ও বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয়। পানীয় জাতীয় খাদ্যদ্রব্যের জন্য জেলা সিভিল সার্জনের লিখিত অনুমতি নিতে হয়। এ ধরনের কোনো অনুমতি ওয়ান স্টার ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির নেই। নেই অ্যালকোহল বা স্পিরিটি-জাতীয় মেডিসিনের জন্য কোনো পরীক্ষাগার। এমনকি পায়খানাসংলগ্ন স্থান থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে উত্তোলিত পানি ব্যবহার করা হচ্ছে।রমজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রাঢ়ী বলেন, ‘আমরা সাধারণত মুদির দোকানিদের ট্রেড লাইসেন্স দিয়ে থাকি। কিন্তু ওয়ান স্টার শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কোনো অনুমোদন নেয়নি।’রেড হর্সের দুটি বোতল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিঞা ইউসুব আলীকে দেখালে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন একটি পানীয় প্রতিষ্ঠানের খবর আমি জানতাম না। আমার অফিস বা জেলা সির্ভিল সার্জন অফিস থেকেও এরা কোনো প্রকার অনুমতি নেয়নি। এমনকি বিএসটিআই থেকে লাইসেন্স না নিয়ে এই কোম্পানি বাজারজাত করছে কীভাবে?’বোতল দুটির ঘ্রাণ নিয়ে ইউসুব আলী বলেন, এতে নেশা হয় এমন মেডিসিন রয়েছে। এগুলো মানুষের শরীরে প্রবেশ করলে অবশ্যই মারাত্মক রোগে আক্রান্ত হবে।ওয়ান স্টার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির এক অংশীদার মোস্তফা পাইক বলেন, ‘আপনারা তো আইনের লোক না যে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে। মাদারীপুরের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আমার প্রতিষ্ঠান অবৈধ হলে তো সিলগালা করে দিতেন। ভ্রাম্যমাণ আদালতই প্রমাণ করেন এই প্রতিষ্ঠান বৈধ।’সিভিল সার্জন আবু বকর মোল্লা বলেন, এসব পানীয় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য বিভাগ থেকে এর কোনো অনুমোদন নেই। এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।