অনুমোদনহীন ক্লিনিকে অপচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় রাতারাতি গড়ে ওঠা বেশ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে অপচিকিৎসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, কথিত এসব হাসপাতালের বেশির ভাগেরই স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিবন্ধন নেই। জানা গেছে, ১৯৮২ সালের ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন’ অনুযায়ী, ১০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালের জন্য জরুরি বিভাগে তিনজন স্থায়ী চিকিৎসা কর্মকর্তা, তিনজন ডিপ্লোমাধারী জ্যেষ্ঠ সেবিকা, তিনজন কনিষ্ঠ সেবিকা, তিনজন আয়া, তিনজন ওয়ার্ডবয়, একজন ব্যবস্থাপক ও দুজন পাহারাদার থাকা আবশ্যক। এ ছাড়া মেডিসিন, সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বয়ংসম্পূর্ণ অস্ত্রোপচারকক্ষ না থাকলে সেখানে কোনো রোগীর অস্ত্রোপচার করা যাবে না, এমন শর্ত রয়েছে। কিন্তু হাসপাতালগুলোয় সরকারি এসব শর্ত উপেক্ষা করে হাতুড়ে ও প্রশিক্ষণবিহীন চিকিৎসকদের দিয়ে প্রতিনিয়ত অস্ত্রোপচার করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলা সদরে সার্জিক্যাল ক্লিনিক, গ্রামীণ সার্জিক্যাল ক্লিনিক ও শাপলা ক্লিনিক নামে তিনটি বেসরকারি হাসপাতাল রয়েছে। পাথরঘাটার এ তিনটি এবং বরগুনা সদরের আল মানার ইসলামী হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিবন্ধন নেই। অভিযোগ রয়েছে, এসব হাসপাতালে হাতুড়ে চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারসহ নানা রোগের চিকিৎসা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।জানা গেছে, পাথরঘাটার তিনটি বেসরকারি হাসপাতালে খুলনা ও মংলা থেকে কথিত চিকিৎসকদের এনে এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে জটিল রোগের অস্ত্রোপচার করা হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর পাথরঘাটা পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত সার্জিক্যাল ক্লিনিক নামে বেসরকারি একটি হাসপাতালে তাজেনূর বেগম নামে এক প্রসূতির অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) করাতে গিয়ে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের কথিত গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক তাহমিনা বেগম ও তাঁর সহযোগী আইউব আলী তাজেনূর বেগমের অস্ত্রোপচার করেন। পরে তাহমিনা ও আইউব আলী গা-ঢাকা দেন। এ ঘটনায় পাথরঘাটা থানায় ক্লিনিকটির পরিচালকসহ কথিত চিকিৎসক ও তাঁর সহযোগীর বিরুদ্ধে মামলা করা হলে স্থানীয় প্রশাসন ক্লিনিকটি বন্ধ করে দেয়।সম্প্রতি পাথরঘাটা শহরের হাসপাতাল রোডের শাপলা ক্লিনিকের চিকিৎসক চিত্তরঞ্জন জানান, তিনি খুলনা বিআইডব্লিউটিএর বন্দর চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তবে কর্মস্থল ও নিজের শিক্ষাগত যোগ্যতার সনদ ও কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। চিকিৎসার ব্যবস্থাপত্র লেখার প্যাড দেখতে চাইলে তিনি বলেন, ‘প্যাড নিয়ে আসিনি।’ তবে তিনি সার্জারি ও গাইনি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেন। পরে খুলনার বিআইডব্লিউটিএ বন্দরে যোগাযোগ করা হলে বন্দর ও পরিবহন কর্মকর্তা আরিফ উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বন্দরে চিকিৎসা কর্মকর্তার কোনো পদ নেই। তবে চিত্তরঞ্জন খণ্ডকালীন চিকিৎসক হিসেবে এখানে কাজ করছেন।’ক্লিনিকটির মালিক মকবুল হোসেন দাবি করেন, তাঁর ক্লিনিকে সেবিকাসহ ১০ জন স্টাফ রয়েছেন। এর মধ্যে তিনজন সেবিকা রয়েছেন সার্বক্ষণিক। এসব সেবিকারা ডিপ্লোমা পাস কি না, তা জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। ক্লিনিকটির অনুমোদনের ব্যাপারে মালিক মকবুল হোসেন বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদন করেছি।’একই অবস্থা দেখা গেছে পাথরঘাটার গ্রামীণ সার্জিক্যাল ক্লিনিক নামে অপর একটি বেসরকারি হাসপাতালে। ক্লিনিকটির মালিক ফাহিম হোসেন বলেন, পাথরঘাটা সার্জিক্যাল ক্লিনিকে ভুয়া চিকিৎসকের অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর পর তাঁদের ক্লিনিকেও এর প্রভাব পড়েছে।বরগুনা শহরের আল মানার ইসলামী হাসপাতালে গত ১৪ অক্টোবর সদর উপজেলার খাজুরতলা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী সখিনা বেগম নামে এক প্রসূতির অস্ত্রোপচার হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ অক্টোবর তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় কথিত চিকিৎসক জাহাঙ্গীর হোসেনকে ২০ অক্টোবর বরগুনা থানার পুলিশ গ্রেপ্তার করে।তিনজন রোগীর ভুল অস্ত্রোপচারের বিষয়ে হাসপাতালটির প্রকল্প পরিচালক কামাল হোসেন বলেন, ‘যে দুজনের ক্ষেত্রে আগে সমস্যা হয়েছে, তাঁদের একজনকে ৫০ হাজার এবং আরেকজনকে ৪৫ হাজার টাকা উন্নত চিকিৎসার জন্য আমরা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করি, অল্প দিনের মধ্যেই তা পেয়ে যাব।’বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব ক্লিনিকের ব্যাপারে আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং যাদের সরকারি শর্ত অনুযায়ী চিকিৎসক, সেবিকা ও অন্যান্য সুযোগ-সুবিধা নেই, সেসব ক্লিনিককে নিবন্ধনের জন্য আমরা সুপারিশ করব না। এ ছাড়া পাথরঘাটার ক্লিনিকগুলো সম্পূর্ণ অবৈধ। এসব ক্লিনিকের অপচিকিৎসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি।’