অনুমোদনহীন চার কলেজে ভর্তি কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অনুমোদনহীন চারটি কলেজের ভর্তি-কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কলেজগুলো হলো ফেনী শহরের পাঠানবাড়ী সড়কের ফেনী মহিলা কলেজ, ট্রাংক রোডের সাউথ এশিয়া কলেজ, পশ্চিম ডাক্তারপাড়ার এশিয়ান কলেজ ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ক্যামব্রিয়েট কলেজ। শিক্ষা বোর্ড সূত্র জানায়, কলেজ প্রতিষ্ঠার জন্য মফস্বলে এক একর, শহরে ৭৫ শতক ও সিটি করপোরেশন এলাকায় ৫০ শতক জমি থাকতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় অবকাঠামো, পাঠাগার, যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকার নিয়ম রয়েছে। কিন্তু এই চারটি কলেজ শর্ত পূরণ না করে বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে। অনুমোদন ছাড়া শিক্ষার্থী ভর্তির জন্য প্রচারণা চালানোর অভিযোগের প্রেক্ষাপটে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরামর্শে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মৃধা ও জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিরা গত বৃহস্পতিবার শহরের নতুন চারটি কলেজ পরিদর্শন করেন। এ সময় তাঁরা দেখতে পান, শর্ত পূরণ না করেই কলেজগুলোতে ভর্তি-কার্যক্রম চালানো হচ্ছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কলেজ কর্তৃপক্ষকে ভর্তি-কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। সূত্র জানায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফেনীতে চলতি বছর ১০টি নতুন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি-কার্যক্রম শুরু করা হয়। ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মৃধা চারটি নতুন কলেজ পরিদর্শন ও ভর্তি-কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চারটি কলেজের অনুমোদন নেই। তিনি বলেন, অবশিষ্ট নতুন কলেজগুলোও পরিদর্শন করা হবে।