অনুমোদনহীন নিউ আনন্দ পরিবহন
ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কপথে গত ৯ নভেম্বর থেকে ‘দি নিউ আনন্দ পরিবহন’ নামের একটি বাস সার্ভিস অবৈধভাবে চলাচল করছে। জেলা প্রশাসকের নেতৃত্বাধীন আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি), জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন এবং বিআরটিএর অনুমোদন ছাড়াই ওই পরিবহন চলাচল করছে।
ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কপথে চলাচলকারী আনন্দ পরিবহন লিমিটেডের বাস মালিকেরা গত ২ অক্টোবর সংবাদ সমেঞ্চলন করে অভিযোগ করেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী মুক্তার হোসেন পরিবহন খাত থেকে ২১ কোটি ১৮ লাখ টাকা চাঁদা নিয়েছেন। সংবাদ সমেঞ্চলনের পরদিন থেকে বাস মালিকেরা মুক্তারকে চাঁদা দেওয়া বন্ধ করে দিয়ে বাসভাড়া দুই টাকা কমান।
আনন্দ পরিবহনের চেয়ারম্যান লুৎফর রহমান অভিযোগ করেন, চাঁদাবাজ মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, দিদার ও কাজল তাঁদের সহযোগীরা নারায়ণগঞ্জে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ‘দ্য নিউ আনন্দ ট্রান্সপোর্ট’ চালু করেছেন। সেতু পরিবহন এবং অন্য যাত্রাপথ থেকে আনা বাসগুলোকে আনন্দ পরিবহনের বাসের মতো রং করে যাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ ব্যাপারে তাঁরা জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং সিটি করপোরেশনে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। আইন অনুযায়ী এক পরিবহনের নামে রুট পারমিট পাওয়া বাস নতুন নামে চলতে পারে না।
দি নিউ আনন্দ পরিবহনের যে কোনো অনুমোদন নেই, তা জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং এসপি সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, মূলত শামীম ওসমানের প্রভাবের কারণে জেলা ও পুলিশ প্রশাসন দি নিউ আনন্দ পরিবহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নাসিম, সেলিম ও শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় গত পাঁচ বছরে নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর থেকে ২০০ কোটি টাকা লুট করা হয়েছে।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দি নিউ আনন্দ পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, ‘আমরা যারা আগে ‘আনন্দে’ ছিলাম, এখন নেই তারাই ‘দ্য নিউ আনন্দ’ চালু করেছি। রাস্তায় চলাচলের জন্য এই বাসগুলোর অনুমোদন আগেই রয়েছে। নতুন করে অনুমোদন নেওয়ার কিছু নেই। ‘আনন্দ’ তাদের মতো চলুক, আমরা ‘দি নিউ আনন্দ’ আমাদের মতো চলি।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘দি নিউ আনন্দ পরিবহন’ সিটি করপোরেশনের রাস্তায় অবৈধভাবে টিকিট কাউন্টার বসিয়েছে। তাদের কোনো অনুমোদন দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে ধারণ ক্ষমতার বেশি বাস রাখা হচ্ছে। যে পরিমাণ বাস চলছে, তা সিটি করপোরেশনের রাস্তার ধারণ ক্ষমতার অনেক বেশি। এতে নগরে যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ ও ফিটনেসবিহীন বাস উচ্ছেদ করার জন্য আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিআরটিএর সহকারী পরিচালককে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।