অনুমোদনহীন পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা
নারায়ণগঞ্জ শহরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আদালত ওই কারখানার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) জানায়, গতকাল রোববার বিকেলে শহরের জামতলা এলাকায় অবস্থিত আরডি ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানের ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানা থেকে বিপুলসংখ্যক বোতল ও পানি বিশুদ্ধ করার চারটি অকেজো যন্ত্র জব্দ করা হয়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শরীফ ফরহাদ হোসেন জানান, ওয়াসার পানি সরাসরি বোতলে ভরে সেটাকে ‘বিশুদ্ধ’ বলে বিতরণ করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কারখানায় কয়েকটি বিশুদ্ধকরণ যন্ত্র থাকলেও সেগুলো অকেজো। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পানি সরবরাহকারী আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।