অনুমোদনহীন প্রতিষ্ঠানের ৬৩টি সাইনবোর্ড বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরার ছনি এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদনহীন বিভিন্ন আবাসন কোম্পানির ৬৩টি সাইনবোর্ড, বিলবোর্ড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় বালু নদের তীর দখল করে গড়ে তোলা ভুলুয়া রয়েল সিটির ১৫০ ফুট দৈর্ঘ্যের সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়।গতকাল মঙ্গলবার সকালে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক পুলিশ ও অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন।অভিযানে অন্যান্যের মধ্যে রাজউকের উপনগরায়ণ পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, অথরাইজড অফিসার (প্রাধিকৃত কর্মকর্তা) শফিকুল ইসলাম, সহ-অথরাইজড অফিসার মাকিদ এহসান, সহকারী নগর পরিকল্পনাবিদ চৈতী বিশ্বাস, আলী আজগর, পরিদর্শক জাকির হোসেন ও বিল্লাল হোসাইন উপস্থিত ছিলেন।রোকন-উদ-দৌলা বলেন, অনুমোদনহীন ভুলুয়া রয়েল সিটির ২৯টি ও বারিধারা রিভারভিউ সিটির ৩২টি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এ ছাড়া ভুলুয়া রয়েল সিটির পাকা বড় বিলবোর্ড একটি, বারিধারা রিভারভিউ সিটির পাকা বড় বিলবোর্ড একটি ও বালু নদের মাঝখানে ভরাট করে বালু বেচাকেনার জন্য বানানো গদিঘর উচ্ছেদ করা হয়। বালু নদের তীর দখল করে গড়ে তোলা ভুলুয়া রয়েল সিটির ১৫০ ফুট দৈর্ঘ্যের সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। যেসব আবাসন কোম্পানি দীর্ঘদিন ধরে কৃষি ও ফসলি জমি, সরকারি জমি, খাল-বিল, নদীর তীর দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা প্রথম আলোকে বলেন, নামসর্বস্ব এসব আবাসন কোম্পানি জমি ভাড়া নিয়ে বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করে অবৈধভাবে প্লট-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। তবে ২৮টি হাউজিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও ৭৭টি হাউজিং প্রকল্প অনুমোদনের জন্য রাজউকে আবেদন করা হয়েছে বলে তিনি জানান।রাজউকের সচিব মো. মোস্তফা কামাল বলেন, রাজউক ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (সংশোধিত ১৯৮৭) ও রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আলোকে অনুমোদনহীন ইমারত ও অনুমোদনবহির্ভূত নির্মাণকাজ চিহ্নিত, অপসারণ করার জন্য পাঁচটি মনিটরিং কমিটি ও তিনটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কাজ করছে। গত ২১ জুন থেকে অনুমোদনহীন আবাসিক প্রকল্পের সাইনবোর্ড, বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল পর্যন্ত আট শতাধিক সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে।