চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে কাল বুধবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ রিহ্যাব ফেয়ার চট্টগ্রাম-২০১২। এর উদ্যোক্তা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এবারের রিহ্যাব আবাসন মেলায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো প্লট ও ফ্ল্যাট বিক্রি বা প্রদর্শন করা যাবে না। বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মেলা উপলক্ষে গতকাল সোমবার দুপুরে নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সংম্মেলনে বক্তব্য পড়ে শোনান মেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক রবিউল হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি সাঈদ নজরুল, প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম আনিসুজ্জামান ভূঁইয়া, চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।আগামীকাল বিকেলে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। আগামীকাল বিকেল সাড়ে চারটা থেকে মেলা চলবে রাত নয়টা পর্যন্ত। এ ছাড়া ৯ থেকে ১১ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শকদের জন্য খোলা থাকবে। এতে ৮১টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার প্রবেশমূল্য ৫০ টাকা। একাধিক দর্শনার্থীর জন্য ১০০ টাকা। আবাসন মেলার আয়োজন প্রসঙ্গে মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, মেলায় অনুমোদনহীন ফ্ল্যাট ও প্লট বিক্রির খবর পেলে সেই প্রতিষ্ঠানকে সরিয়ে নেওয়া হবে।