অনুমোদনহীন বই পাঠ্য করে পকেট ভারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রকাশকদের কাছ থেকে টাকা নিয়ে পাঠ্যসূচিতে অনুমোদনহীন ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদের নির্দেশে শিক্ষার্থীরা ওই সব বই অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছে। প্রকাশকেরা সুযোগ নিয়ে বেশি লাভ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বাংলা ও ইংরেজি ব্যাকরণসহ সহপাঠ বই সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য পাঠ্য করেছে। এ বইগুলো ছাত্রছাত্রীদের মধ্যে বিনা মূল্যে বিতরণও করা হয়েছে। এ বই ছাড়া অন্য কোনো বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাবে না। এনসিটিবি রায়পুর উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এ নির্দেশনা জানিয়ে দিয়েছে। কিন্তু বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ এ নির্দেশনা অমান্য করে পুথি নিলয়, সামসেদ, পুথিপত্র, মাস্টার পাবলিকেশন্স, বন্ধন পাবলিকেশন্স ও পপি লাইব্রেরির বাংলা ও ইংরেজি ব্যাকরণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। নাম প্রকাশ না করা শর্তে একজন বই ব্যবসায়ী জানান, ওই সব প্রকাশনীর ইংরেজি ও বাংলা ব্যাকরণ ও সহপাঠ বই পাঠ্য তালিকাভুক্ত করার জন্য প্রকাশকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৩০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দিয়েছে। এ টাকা পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে এসব বইয়ের তালিকা লিখে এগুলো কেনার জন্য ছাত্রছাত্রীদের নির্দেশ দেন।অভিভাবক জাকির হোসেন ও আমির হোসেন বলেন, শিক্ষকেরা প্রকাশকদের কাছ থেকে টাকা নিয়ে বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেন। সেই টাকার কয়েক গুণ আদায় করতে প্রকাশকেরা ওই বইয়ের দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। শিক্ষার্থীরা ওই অতিরিক্ত দামেই বই কিনতে বাধ্য হচ্ছে। লুধুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আতিক উল্যাহ ভূঁইয়া বলেন, এনসিটিবির বইয়ের পাশাপাশি একটি প্রকাশনীর বই তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ জন্য টাকা নেওয়া হয়নি। বইগুলোর নাম শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হয়েছে। এনসিটিবির নির্দেশনার পরও অন্য বই কেন পাঠ্যসূচিতে তালিকাভুক্ত করা হলো—এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে রায়পুর এল এম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, সরকারি বিনা মূল্যের বইয়ের পাশাপাশি সহযোগী হিসেবে বিভিন্ন প্রকাশনীর বই ছাত্রছাত্রীরা কিনছে। এটা বাধ্যতামূলক নয়। তবে এ জন্য প্রকাশকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। শহরের বইয়ের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়গুলোর পাঠ্য করা বিভিন্ন প্রকাশনীর বইগুলোর দাম অনেক বেশি। পুথি নিলয় প্রকাশনীর ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ১৭০ টাকা, বাংলা ব্যাকরণ ১৯০ টাকা, সপ্তম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ২২৬ টাকা, বাংলা ব্যাকরণ ১৯৫ টাকা, অষ্টম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ ২৬৮ টাকা, বাংলা ব্যাকরণ ২৭৫ টাকা এবং মাস্টার পাবলিকেশন্সের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গ্রামার ২০৫ টাকা, বাংলা ব্যাকরণ ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। বইগুলোতে প্রকাশকেরা নতুন দুটি পাতা সংযুক্ত করে এ মূল্য উল্লেখ করে দিয়েছে। রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘প্রকাশনীর বই পাঠ্য না করার জন্য আমি প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করেছি। এর পরও যদি প্রধান শিক্ষকেরা এ কাজ করেন, তাহলে বিষয়টি দুঃখজনক। খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’