অনুমোদনহীন ভবনে সভাপতির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই পোশাক কারখানার জন্য ভবন নির্মাণ করেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে এম সেলিম ওসমান। প্রায় ১৫ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপার ইদ্রাকপুরে দোতলা ওই কারখানা ভবন নির্মাণ করেন তিনি।সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পর সেলিম ওসমান গত ২৮ এপ্রিল এক চিঠিতে বিকেএমইএর সদস্য সব পোশাক কারখানার মালিককে কারখানা ভবনের কাঠামো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান দিয়ে পুনঃ পরীক্ষা করে ৩১ মের মধ্যে প্রতিবেদন বিকেএমইএতে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
জানা যায়, দোতলা ওই ভবনের মূল কারখানায় বর্তমানে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। পাশেই সেলিম ওসমান একটি তিনতলা ভবনও তৈরি করেছেন। রাজউক থেকে এটিরও কোনো অনুমোদন নেওয়া হয়নি।
অনুসন্ধানে জানা যায়, রাজউক থেকে নকশা অনুমোদন না করিয়েই নির্মিত এই ভবনে সেলিম ওসমান ১৯৯৮ সালে তাঁর কারখানা উইজডম অ্যাটায়ার্স লিমিটেড চালু করেন। রাজউকের অন্তর্ভুক্ত এলাকা ফতুল্লায় কোনো ভবন নির্মাণ করতে হলে এর নকশা রাজউক থেকে অনুমোদন করিয়ে নিতে হয়।
রাজউকের ফতুল্লা অঞ্চলের দায়িত্বে থাকা পরিদর্শক বিশ্বজিৎ সিনহা বলেন, ‘উইজডম অ্যাটায়ার্স গার্মেন্টস কারখানার ভবন নির্মাণে রাজউকের কোনো অনুমতি নেওয়া হয়নি।’
সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সাংসদ নাসিম ওসমান ও আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ভাই। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর হলফনামায় নাসিম ওসমান নিজেকে উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে উল্লেখ করেছেন। নারায়ণগঞ্জ ক্লাবের ২০১১ সালের সদস্য নির্দেশিকা তালিকায় শামীম ওসমানের পরিচয় উল্লেখ রয়েছে উইজডম অ্যাটায়ার্সের নির্বাহী পরিচালক হিসেবে। সেলিম ওসমান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
এ ব্যাপারে বক্তব্য জানতে সেলিম ওসমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হননি।