অনুমোদনহীন সিগারেট কারখানার সন্ধান
মেহেরপুরে অনুমোদনহীন একটি সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল শুক্রবার কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিসহ তিন লাখ পিস সিগারেট জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকপক্ষের লোকজন ও শ্রমিকেরা পালিয়ে যান। কারখানায় ‘বিশ্বাস গোল্ড’ ও ‘তিস্তা’ নামে দুই ধরনের সিগারেট এবং সিগারেট তৈরির কাঁচামাল পাওয়া যায়।জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও সুজিত কুমার হাওলাদারের নেতৃত্বে গতকাল শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার শেখ জাহিদুল ইসলাম জানান, শহরের দীঘিরপাড়ায় অবস্থিত বিলুপ্ত ভৈরব সাবান কারখানার ভবন ব্যবহার করে সেখানে অবৈধভাবে সিগারেট তৈরি করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, অভিযান চলাকালে কারখানার শ্রমিকেরা মেশিন চালু অবস্থায় পালিয়ে যান। কারখানার বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এখানে সিগারেটের প্যাকেটে জাল ব্র্যান্ড-রোল ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। তথ্য গোপন রাখার স্বার্থে কারখানায় বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করানো হতো।জানা গেছে, এখানে আগে ‘ভৈরব সোপ’ নামে একটি সাবানের কারখানা ছিল। সেটির মালিক ছিলেন মেহেরপুর শহরের তামাক ব্যবসায়ী মনিরুল ইসলাম। তাঁর কাছ থেকে ভবনটি আট মাস আগে শহরের অপর ব্যবসায়ী আবদুস সালাম ছয় হাজার টাকা মাসিক চুক্তিতে ভাড়া নেন। তখন থেকেই এখানে গোপনে সিগারেট তৈরি শুরু হয়।সিগারেট কারখানার মালিক আবদুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কারখানার বৈধ কাগজপত্র আছে। এই কারখানার যন্ত্রপাতি দিয়ে প্রতি মিনিটে ৩৭ হাজার সিগারেট প্রস্তুত করা যায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিগারেটের চাহিদা থাকায় তাঁর কারখানার সিগারেট মেহেরপুরের বাইরে বেশি বিক্রি হয়। শিগগির বৈধ কাগজপত্র নিয়ে কারখানার তালা খুলে দেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে যাবেন বলে জানান।