অনুমোদনহীন ১৪ কলেজকে জেলা প্রশাসকের তলব
নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি না নিয়ে অবৈধভাবে ভর্তির কার্যক্রম চালানো ১৪ কলেজের অধ্যক্ষকে তলব করেছেন জেলা প্রশাসক। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাছলিমা আক্তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁদের তলব করা হয়। ওই সব কলেজের অধ্যক্ষকে বোর্ডের বিধান অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে আগামী সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি শিক্ষা-ব্যবস্থার নানা সীমাবদ্ধতার সুযোগ কাজে লাগিয়ে কয়েক বছরের ব্যবধানে নরসিংদী শহর ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে একের পর এক কলেজ গড়ে উঠেছে। শুধু সদর উপজেলায় বর্তমানে কলেজের সংখ্যা ৩০টি। এর মধ্যে দুটি সরকারি ও একটি আধা সরকারি ছাড়া বাকিগুলো ব্যক্তি-উদ্যোগে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এর মধ্যে ১৪টি কলেজের শিক্ষা বোর্ডের অনুমোদন নেই। বোর্ডের বিধিমালা উপেক্ষা করে গড়ে ওঠা বাণিজ্যিক কলেজগুলোতে চলছে মনগড়া শিক্ষা-কার্যক্রম। এ বিষয়ে গত ২৮ মে প্রথম আলোতে ‘নরসিংদীতে অনুমোদনহীন ১৪ কলেজে ভর্তি চলছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসক ওবায়দুল আজমের দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে শিক্ষা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, বোর্ডের বিধিমালা উপেক্ষা করে গড়ে ওঠা কলেজগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে কলেজগুলোর অধ্যক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ তলব করা হয়েছে। ওই দিন তাঁরা পাঠদানের অনুমতির কাগজ দেখাতে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।