অনুমোদনহীন ২৯টি রোগ নির্ণয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে বেসরকারি ৪৩টি রোগ নির্ণয়কেন্দ্রের মধ্যে ২৯টির সরকারি অনুমোদন নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে রোগ নির্ণয়কেন্দ্র চালানোর নিয়ম থাকলেও তা না মেনে প্রতিষ্ঠানগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে।এদিকে আধুনিক চিকিৎসা বলতে পটুয়াখালীর ২৫০ শয্যার সরকারি হাসপাতালে আধুনিক সরঞ্জামাদি থাকলেও প্যাথলজি ও রেডিওলজির বিশেষজ্ঞ না থাকায় টেকনিশিয়ানরাই প্যাথলজি বিভাগের কাজ চালাচ্ছেন। এদিকে বেসরকারি রোগ নির্ণয়-কেন্দ্রগুলোতেও একই অবস্থা। তবে আর্থিক সুবিধার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীরা রোগ নির্ণয়ের জন্য ছুটছে নির্দিষ্ট রোগ নির্ণয়কেন্দ্রে। আর এই সুযোগে জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠছে এসব রোগ নির্ণয়কেন্দ্র।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ৪৩টি রোগ নির্ণয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে জেলা শহরের ১৩টি রোগ নির্ণয়কেন্দ্রের মধ্যে পটুয়াখালী আই কেয়ার, গ্রুপ ডায়াগনস্টিক সেন্টার, পানামা ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার ডায়াগনস্টিক ল্যাব—এই চারটির সরকারি অনুমোদন নেই। গলাচিপা উপজেলায় দুটি রোগ নির্ণয়কেন্দ্রের অনুমতি থাকলেও দুমকির তিনটির মধ্যে পপুলার প্যাথলজি সেন্টারের অনুমোদন নেই। এ ছাড়া বাউফলে ১২টি রোগ নির্ণয়কেন্দ্রের একটিরও অনুমোদন নেই। এগুলো হচ্ছে নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, পলি এক্স-রে অ্যান্ড প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, নূহা ডায়াগনস্টিক সেন্টার, ইসেব ডায়াগনস্টিক সেন্টার, ছালাম ডেন্টাল কেয়ার, হাজী এক্স-রে ক্লিনিক, তমা ডেন্টাল ক্লিনিক, জামাল ডেন্টাল কেয়ার, হাবিবিয়া ডেন্টাল কেয়ার ও কমফোর্ট ডেন্টাল কেয়ার অ্যান্ড আছিয়া মেডিকেল হল। কলাপাড়া উপজেলা শহরে ছয়টি রোগ নির্ণয়কেন্দ্রের মধ্যে পাঁচটিরই অনুমোদন নেই। এগুলো হচ্ছে নিউ হেলথ কেয়ার ডায়াগনস্টিক ল্যাব, নিউ বসুন্ধরা ডায়াগনস্টিক ল্যাব, লাইফ কেয়ার ডায়াগনস্টিক ল্যাব, তন্ময় ডেন্টাল কেয়ার ও শিলা ডেন্টাল ক্লিনিক।দশমিনা উপ-জেলায় নিটুসিজান ডায়াগনস্টিক সেন্টার, জনতা ডায়াগনস্টিক সেন্টার, সন্ধানী এক্স-রে অ্যান্ড প্যাথলজি, সেবা প্যাথলজিক্যাল সেন্টার, হাওলাদার ডেন্টাল, মোল্লা ডেন্টাল কেয়ার ও মির্জাগঞ্জের নিউ লাইফ এক্স-রে ক্লিনিক সরকারি অনুমোদন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে এর মধ্যে অনেক প্রতিষ্ঠান অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছে বলে দাবি করেছে।পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামসুল আলম বলেন, শুধু তাঁর হাসপাতালেই নয়, বেসরকারি পর্যায়েও প্যাথলজি ও রেডিওলজির বিশেষজ্ঞ নেই। অনেক ডায়াগনস্টিক সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত ডিপ্লোমা টেকনিশিয়ানও নেই। পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় বলেন, জেলার অনেক রোগ নির্ণয়কেন্দ্রের অনুমোদন নেই। আসলে অনেকেই স্বাস্থ্য অধিদপ্তরের শর্ত পূরণ করতে পারেননি অথবা পারছেন না। তাই তাঁরা সেখান থেকে অনুমোদন পাচ্ছেন না।