অনুমোদনহীন ৯৭ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের ১২৯টি ইটভাটার মধ্যে ৯৭টির কোনো অনুমোদন নেই। এর মধ্যে চারটি ভাটার কর্তৃপক্ষ অনুমোদন চেয়ে আবেদন করেছে, বাকি ৯৩টি অনুমোদন পেতে আবেদনও করেনি। অধিকাংশ ভাটাই ফসলি জমিতে নির্মাণ করা হয়েছে। অনুমোদনহীন এসব ভাটায় দেদার পোড়ানো হচ্ছে কাঠ। এ ছাড়া জনবসতিপূর্ণ এলাকায়ও গড়ে তোলা হয়েছে ইটভাটা। ভাটা-মালিকদের একটি সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় আরও ১৩টি নতুন ভাটা গড়ে উঠছে। এগুলো গড়ে উঠছে ফসলি জমিতে। জেলা প্রশাসকের দপ্তর সূত্রে জানা গেছে, ঝিনাইদহে পুরোনো ১২৯টি ভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ৩২টির সরকারি অনুমোদন আছে। একাধিক ভাটা-মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাত্র কয়েকটি ভাটা সরকারি নিয়ম মেনে চলে। জেলা বন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ভাটা স্থাপন বা ইট পোড়ানোর ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। এ ছাড়া ১২০ ফুট উঁচু চিমনি তৈরির নিয়ম রয়েছে। ব্যারেল চিমনি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। গ্রামের মধ্যে, ফসলি জমিতে বা জনবসতিপূর্ণ এলাকায় ভাটা স্থাপন দণ্ডনীয়। কাঠ পোড়ানো হবে না—এমন অঙ্গীকার নিয়ে ভাটার অনুমোদন দেওয়া হয়। কিন্তু জেলার অধিকাংশ ভাটায় এসব নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ আছে। জনবলের অভাবে তাঁরা সব সময় ভাটাগুলোতে অভিযান চালাতে পারেন না। সরেজমিনে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নতুন ভাটা তৈরির হিড়িক পড়েছে। সদর উপজেলায় তিনটি, কালীগঞ্জে দুই, কোটচাঁদপুরে এক, মহেশপুরে চার ও শৈলকুপায় তিনটি ভাটা তৈরির কাজ চলছে। সদর উপজেলার গাবলা গ্রামের ফসলি জমিতে গড়ে তোলা হচ্ছে একটি ভাটা। এ ছাড়া হাটগোপালপুর এলাকা ও মহেশপুরের রামচন্দ্রপুর গ্রামে কৃষিজমিতে ভাটা করা হচ্ছে। কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মাঠে ভাটা করতে ইট-বালু এনে রাখা হয়েছে। একই উপজেলার বলাকান্দরে ফসলি জমিতে ভাটা তৈরি করা হচ্ছে। কালীগঞ্জ উপজেলার বলাকান্দর মাঠে নির্মাণাধীন ভাটার মালিক জাহিদ হোসেন জানান, তিনি ১০ বিঘা জমি ইজারা নিয়ে ভাটা করছেন। ফসলি জমিতে ভাটা করা অপরাধ—এ বিষয়টি তিনি জানেন না। মহেশপুরের রামচন্দ্রপুর গ্রামে গড়ে ওঠা ভাটার ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন জানান, তাঁরা যে জমিতে ভাটা করছেন, সেখানে খুব ভালো ফসল হতো না।অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, মাঝেমধ্যে তাঁরা এগুলোতে অভিযান পরিচালনা করেন। আরও বেশি অভিযান চালানো হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, অনুমোদন ছাড়া ভাটা চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।