অনুমোদনহীনদের রিহ্যাব মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বুধবার শুরু হওয়া রিহ্যাব মেলায় অংশ নিয়েছে মোট ৮১টি নির্মাণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের একটিও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তালিকাভুক্ত নয়। গত মঙ্গলবার মেলার আয়োজকেরা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন, অনুমোদনহীন প্লট বা ফ্ল্যাট মেলায় বিক্রির সুযোগ থাকবে না। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রকল্পের অনুমোদন থাকলেও তারা নিজেরাই চউকের অনুমোদিত নয়। খোঁজ নিয়ে জানা গেছে, তালিকাভুক্তির জন্য চউক চট্টগ্রামের নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদা দেয়। তাদের কিছু প্রতিষ্ঠান তালিকাভুক্তির আবেদন করলেও সব শর্ত পূরণ না করায় সেগুলো চউকের অনুমোদন পায়নি। আর এই প্রতিষ্ঠানগুলোই মেলার আয়োজক। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘অনুমোদনের জন্য গত এক বছরে তিন শতাধিক নির্মাণ প্রতিষ্ঠান আবেদন করেছে। কিন্তু তারা সব শর্ত পূরণ করতে পারেনি। এর মধ্যে আমরা মোটামুটি অনুমোদন দেওয়া যায় এমন ২১টি প্রতিষ্ঠানকে বাছাই করেছি। আর যারা ন্যূনতম শর্তও পূরণ করেনি, তাদের আমরা চিঠি দিচ্ছি।’ চট্টগ্রামের এ রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম ছিলেন বিশেষ অতিথি। আবদুচ ছালাম বলেন, ‘নির্মাণ প্রতিষ্ঠানগুলো যাত্রা শুরু করেছে। আমরা তাদের উৎসাহিত করছি। তবে পর্যায়ক্রমে আমরা আইন মানতে তাদের বাধ্য করব।’ গতকাল থেকে শুরু হওয়া চার দিনের মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন চউক চেয়ারম্যান। এ সময় তিনি একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মাণ প্রকল্পে ত্রুটিবিচ্যুতির বিষয়ে প্রকাশ্যে আপত্তি তোলেন। তাঁর অভিযোগের পর অনেক প্রতিষ্ঠান এসব সমস্যা সমাধানের অঙ্গীকার করে। তবে রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের আহ্বায়ক আবদুল কাইয়ুম চৌধুরী দাবি করেন, ‘প্রতিষ্ঠানের অনুমোদন না থাকলেও মেলায় বিক্রির জন্য উপস্থাপন করা প্রকল্পগুলোর অনুমোদন আছে। যদি অননুমোদিত প্রকল্প কেউ উপস্থাপন করে, তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’ চউক সূত্রে জানা যায়, আবাসন মেলায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে চউকের সব প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু চউক চেয়ারম্যান ছাড়া আর কেউ আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মেলায় অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই তো অনুমোদনহীন। এ জন্য সেখানে যেতে ইচ্ছে হয়নি। অভিযোগ রয়েছে, নির্মাণ প্রতিষ্ঠানগুলো চউকের তালিকাভুক্ত না হওয়ায় তাদের আইনের আওতায় আনতেও হিমশিম খেতে হয়। চউক থেকে কোনো প্রকল্পের জন্য এক ধরনের নকশার অনুমোদন নিয়ে পরে নকশা পরিবর্তন করে ফ্ল্যাট নির্মাণ করে। কিন্তু চউকের প্রতি দায়বদ্ধ না থাকায় ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এ কারণে চট্টগ্রাম শহরে বিগত কয়েক বছরে অনেক নির্মাণ প্রতিষ্ঠান সড়ক দখল করে অনুমোদনের চেয়ে বেশি জায়গায় ভবন নির্মাণ করেছে। চউক ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শেষ পর্যন্ত কোনো ব্যবস্থাই নিতে পারেনি। চউক সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতেও রিহ্যাব মেলায় চট্টগ্রামের বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান অংশ নেয়। তারা স্টলগুলোতে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ফ্ল্যাট বিক্রির জন্য ক্রেতা আকর্ষণের চেষ্টা করে। চউকের অথরাইজেশন কর্মকর্তা মো. মনজুর হাসান প্রথম আলোকে বলেন, ‘একটি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে ছয়তলা ভবনে ২৪টি ফ্ল্যাট বিক্রির অনুমোদন নেয়। কিন্তু রিহ্যাব মেলায় গিয়ে দেখি ওই প্রকল্পে তারা ফ্ল্যাট বিক্রি করছে ৪০টি, ভবনের উচ্চতা বেড়ে গেছে ১০ তলা পর্যন্ত। এরপর আমরা ওই প্রকল্পই বাতিল করে দিই।’ এ ধরনের অনুমোদনহীন প্রকল্পের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আমরা কাল থেকে মেলায় নিজস্ব লোক পাঠাব। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ বলেন, ‘অননুমোদিত প্রকল্প বিক্রি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য রিহ্যাব মেলা থেকে বহিষ্কার করা হবে।’