অনুমোদনের আগেই কাজ শুরু!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তার ত্রিমুখী পুকুরে মাটি ভরাটের জন্য চলতি ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ‘কাজের বিনিময়ে টাকা’র (কাবিটা) বিশেষ প্রকল্প নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান এক লাখ ৩০ হাজার টাকার প্রকল্প ৭ মার্চ চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠান। তবে অনুমোদনের চিঠি আসার আগেই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন নিজেই চার লাখ ২০ হাজার টাকা চুক্তিতে পুকুরটির ভরাটকাজ শুরু করে দিয়েছেন। তবে প্রকল্প কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আ. আলীম মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ শুরুর ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ মো. আবদুর রহমান কাবিটার অনুকূলে ৩৫ লাখ টাকায় ২৭টি প্রকল্পের একটি তালিকা ৬ মার্চ জমা দেন। পরদিনই ওই তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ওই তালিকায় চৌরাস্তার ত্রিমুখী পুকুরে মাটি ভরাটের জন্য এক লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ রয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।পুকুর ভরাটের কাজটি শুরু করেছেন বোয়ালমারী উপজেলা সদরের মাটি, বালু ও পরিবহন ঠিকাদার মো. রওশন মোল্লা। তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের নির্দেশে চার লাখ ২০ হাজার টাকা চুক্তিতে আমি গত ১১ মার্চ ওই পুকুরে বালু ভরাটের কাজ শুরু করেছি। প্রতিদিন ১০-১২ ট্রাক বালু পুকুরে ফেলা হচ্ছে। পুকুরটি ভরাট করতে প্রায় সাড়ে ৪০০ ট্রাক বালু দরকার হবে।’প্রকল্পের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আ. আলীম মোল্লা এবং কমিটির সম্পাদক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া বলেন, উপজেলা চেয়ারম্যান একক কর্তৃত্ব ও দায়িত্বে প্রকল্পের কাজ শুরু করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল আলম বলেন, ‘একটি প্রকল্পের কাজ পুরো অর্থের সংস্থান ছাড়া কীভাবে শুরু করা হলো, তা আমি বলতে পারব না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, চলতি অর্থবছরে কাবিটা প্রকল্পের কাজগুলো অনুমোদনের পর্যায়ে রয়েছে।পৌরসভার মেয়র আ. শুকুর শেখ বলেন, পুকুরটি ভরাটের ক্ষেত্রে পৌরসভার অনুমতি নেওয়া হয়নি।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন প্রকল্প অনুমোদনের আগে কাজ শুরু করার কথা স্বীকার করে বলেন, ‘এ মুহূর্তে ওই পুকুর ভরাটে এক লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় থাকলেও আমি চার লাখ টাকা ঠিকা চুক্তিতে কাজটি শুরু করিয়েছি। বাকি টাকা বিভিন্ন প্রকল্প থেকে পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। আর পুকুর বা জলাশয় ভরাটের পূর্বানুমোদনের কোনো আইন আছে বলে আমার জানা নেই।’