অনুমোদনের আগেই রাষ্ট্রদ্রোহ মামলা ও আসামিদের জামিন!
‘শেখ মুজিব গেছে যে পথে, শেখ হাসিনা যাবে সে পথে’—স্লোগান দেওয়ায় জামায়াত-শিবিরের ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার আগেই এ বিষয়ে মামলা হয়েছে এবং আসামিরা জামিনও নিয়েছেন।স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ঈদের দিন বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ঝনঝনিয়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবদুল ওয়াদুদসহ ২৫ জন এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাঁদের অন্যতম স্লোগান ছিল, ‘শেখ মুজিব গেছে যে পথে, শেখ হাসিনা যাবে সে পথে,’ ‘প্রচলিত আইন মানি না, মানব না’। এ নিয়ে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান ও রাষ্ট্রের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। স্থানীয় ছাত্রলীগের নেতা ও জনগণ তাদের রাষ্ট্রবিরোধী এসব বক্তব্য থেকে বিরত থাকতে বললে জামায়াত-শিবিরের ক্যাডাররা মারমুখী হয় এবং হাতে থাকা লাঠি, হাতুড়ি ইত্যাদি অস্ত্র দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের গুরুতর জখম করে। এ কারণে তাঁরা এই নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২৪ ‘ক’ ধারায় (রাষ্ট্রদ্রোহ) মামলা করার অনুমোদন চান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬ সেপ্টেম্বর এ অনুমোদন দিয়ে বাগেরহাট পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।রামপাল থানা সূত্র জানায়, ২০ আগস্টের এ ঘটনায় ২৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলা হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাসেরকে এ মামলায় আটক করা হয়। বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ওয়াদুদ দাবি করেন, গত ২৭ আগস্ট এজাহারে নাম থাকা ২৫ আসামিরই জামিন নিয়েছেন তাঁরা। আবদুল ওয়াদুদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ঘটনার দিন আমি ওই স্থানে উপস্থিত ছিলাম না।’তবে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাঁর থানায় আটজনের জামিনের চিঠি এসেছে। মামলায় নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসামিরা পালিয়ে যেতে পারে এ আশঙ্কায় দ্রুত মামলাটি করা হয়েছে। কারণ অপরাধের ধরন দেখে আমাদের মনে হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যাবে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলা করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্র সম্পর্কে এ ধরনের স্লোগান অবশ্যই রাষ্ট্রদ্রোহের শামিল। এ ধরনের আপত্তিকর বক্তব্যের কারণে দেশে অরাজকতার সৃষ্টি হয়। তাই আমরা রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’