অনুমোদনের ছয় বছরেও সম্মান কোর্স চালু হয়নি
অনুমোদনের ছয় বছরেও নীলফামারীর সৈয়দপুর কলেজে সম্মান কোর্স চালু করা যায়নি। এতে ওই এলাকার হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা অবিলম্বে স্নাতক (সম্মান) কোর্স চালু করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি দাবি জানিয়েছেন।স্থানীয় সূত্রমতে, সৈয়দপুর কলেজটি স্থাপিত ১৯৫৩ সালে। পূর্বে এর নাম ছিল কায়েদে আযম কলেজ। ওই সময় কলেজটিতে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ ছিল। দুই বছরের মাথায় স্নাতক পর্যায়ে উন্নীত করা হয় কলেজটিকে। ভৌগোলিক অবস্থানগত কারণে সৈয়দপুর শহরের গুরুত্ব অপরিসীম। রংপুর ও দিনাজপুর বৃহৎ দুই জেলার মধ্যবর্তীতে অবস্থান হওয়ায় সৈয়দপুর কলেজে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রচুর। ইতিপূর্বে এখানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যয়নের সুযোগ পেতেন। কলেজ সূত্রে জানা যায়, ২০০৫ সালে তৎকালীন পরিচালনা পর্ষদ সৈয়দপুর কলেজে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এখানে ছয় বিষয়ে সম্মান কোর্স খোলার অনুমোদন পায়। সে অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সব আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। কিন্তু কলেজে অবকাঠামোর সুবিধা না থাকায় এবং শিক্ষক-সংকটের কারণে কেবল উদ্ভিদবিদ্যা (বোটানি) বিষয়ে কোর্স চালু করা সম্ভব হয়। কিন্তু বিগত ছয় বছরে বাকি পাঁচ বিষয়ে সম্মান কোর্স চালু হয়নি।সৈয়দপুর জনপদের শিক্ষার পরিবেশ বিষয়ে সাবেক সাংসদ আলিম উদ্দিন জানান, আমরা শহরটিকে শিক্ষার নগর বলে থাকি। কিন্তু উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত এখানে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা প্রতিষ্ঠানগুলো থাকলেও উচ্চশিক্ষার সুযোগ গড়ে ওঠেনি সৈয়দপুরে। তিনি বলেন, সৈয়দপুর কলেজে একাধিক বিষয়ে সম্মান কোর্স চালু করা গেলে এ অঞ্চলের গরিব শিক্ষার্থীরা বাড়িতে থেকে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এ প্রসঙ্গে তিনি সরকারের উচ্চপর্যায় থেকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন আসাদুর রহমান নামের একজন শিক্ষার্থী। তিনি জানান, অভিভাবকের সচ্ছলতা না থাকায় বাইরে পড়তে যেতে পারেননি তিনি। সৈয়দপুর কলেজে অনার্স কোর্স চালু থাকলে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতো তাঁর—এ কথা জানান তিনি। অভিভাবক আবদুর রাজ্জাক জানান, কেন সৈয়দপুর কলেজে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হচ্ছে না, তা বোধগোম্য নয়। আশপাশের কম গুরুত্বপূর্ণ কলেজেও একাধিক বিষয়ে অনার্স কোর্স খুলেছে, সে ক্ষেত্রে সৈয়দপুরবাসী বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।এ প্রসঙ্গে সৈয়দপুর কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মজিবর রহমান বলেন, বর্তমান কমিটি সৈয়দপুর কলেজের গৌরবময় অতীত ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে। এখানে অনার্স কোর্স চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে সৈয়দপুর কলেজে এক হাজার ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। সম্মান চালু হলে এর সংখ্যা দ্বিগুণ হবে।সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে জানান, এরই মধ্যে কলেজে চারটি বিষয়ে সম্মান কোর্স চালু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও একাধিক বিষয়ে সম্মান কোর্স চালু করা হবে। এ-সংক্রান্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে অবকাঠামোর উন্নয়নে তিনি এরই মধ্যে শিক্ষামন্ত্রীর বরাবর চিঠি দিয়েছেন। এ বিষয়ে ইতিবাচক সাড়াও মিলেছে বলে জানান তিনি।