অনুমোদনের তিন বছর পর চিঠি!
রাজশাহীর পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যার কার্যক্রম চালু করার জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে তিন বছর আগে। অনুমোদন-সংক্রান্ত সেই চিঠি এসেছে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এই হাসপাতালগুলো হচ্ছে রাজশাহীর বাঘা, চারঘাট, তানোর, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল-২ শাখা থেকে ২০০৮ সালের ৯ নভেম্বর ওই অনুমোদন-সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়। তিন বছর আগে এই অনুমোদনপত্রে একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের স্বাক্ষর রয়েছে। এই চিঠিতে রাজশাহীর বাঘাসহ মোট ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণের তালিকা রয়েছে। অপর দিকে একই বছর ২৭ জানুয়ারি তরিখে স্বাক্ষরিত অপর এক চিঠিতে রাজশাহীর দুর্গাপুর, তানোর, চারঘাট ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম রয়েছে। তিন বছর আগে ছাড়া এই চিঠি বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে চলতি মাসের প্রথম সপ্তাহে। রাজশাহীর এই পাঁচটি হাসপাতালের মধ্যে তিন বছর আগে থেকেই বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের শুধু শয্যার কাজ বাকি রয়েছে। তানোর স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণকাজ এখনো ৩০ শতাংশ বাকি রয়েছে। অপর দিকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে।বাঘা উপ-জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, অনুমোদন আগে পেলে আগেই এর কার্যক্রম শুরু করা যেত। তিন বছর আগে স্বাক্ষর করা চিঠি কেন তিন বছর পরে তারা পেলেন, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। তবে অনুমোদন পাওয়া গেছে। অচিরেই এর কার্যক্রম শুরু করা হবে।অনুমোদনের তিন বছর পরে কেন চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন শহীদুল ইসলাম বলেন, চিঠিটা অনেক খোঁজখবর করে আবিষ্কার করা হয়েছে। তবে কেন এত পরে পাঠানো হলো সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে চিঠিটি পাওয়া গেছে, এটাই বড় কথা। এখন কাজ শুরু করা যাবে।