চট্টগ্রামের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে বদলির যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেও ভর্তির সুযোগ পাচ্ছেন না এক শিক্ষার্থী। আজ বুধবার ১৭ আগস্ট তাঁর ঢাকা ক্যাম্পাসে নিবন্ধনের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু লিখিত অনুমতি দেওয়ার পর হঠাৎ করে কর্তৃপক্ষ তাঁকে ঢাকায় বদলি হওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে।জানা গেছে, নগরের জামাল খানে অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) এমবিএর শিক্ষার্থী মো. রাজিদ (আইডি: ১১২৫১১৬) গত ২৬ জুলাই পারিবারিক প্রয়োজনে চট্টগ্রাম থেকে ঢাকা ক্যাম্পাসে বদলির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট ঢাকা ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তানফির এ খান রাজিদকে সেখানে বদলি হয়ে আসা যাবে বলে জানান। তিনি এ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার পরামর্শ দেন।এর পরদিন চট্টগ্রাম ক্যাম্পাসের সমন্বয়কারী মো. নুরুজ্জামান রাজিদের বদলির আবেদনে সই করেন। ১৭ আগস্ট ঢাকা ক্যাম্পাসে তাঁর নিবন্ধনের তারিখ ঠিক হয়।রাজিদ জানান, ১০ আগস্ট হঠাৎ করে ঢাকা ক্যাম্পাসের ভর্তি শাখা থেকে তাঁকে চট্টগ্রাম ক্যাম্পাসে যোগাযোগ করতে বলা হয়। অভিযোগ রয়েছে, রাজিদ ও তাঁর মা চট্টগ্রাম ক্যাম্পাসের সমন্বয়কারী মো. নুরুজ্জামানের সঙ্গে দেখা করতে গেলে তিনি বদলি হওয়া যাবে না বলে রাজিদকে জানিয়ে দেন। কেন বদলি হওয়া যাবে না, তা জানতে চাইলে তিনি তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।এ ব্যাপারে মো. নুরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের টাস্টিদের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সেমিস্টারে ঢাকা ক্যাম্পাসে ভর্তির নির্ধারিত আসন পূরণ হয়ে গেছে। তাই নতুন করে কাউকে ভর্তি করা যাচ্ছে না। ঢাকা ক্যাম্পাসের রেজিস্ট্রারের অনাপত্তি এবং তাঁর অনুমতিদানের ব্যাপারে নুরুজ্জামান জানান, রেজিস্ট্রার সাহেব ভুল করে তাঁর সিদ্ধান্ত দেওয়ায় এমনটি হয়েছে।