অনুমোদনের পরও জ্যেষ্ঠতার তালিকা ফাইলবন্দী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের উচ্চ ও নিম্নমান সহকারী পদের জ্যেষ্ঠতার তালিকা সংশোধনের প্রস্তাব অনুমোদন পেলেও আবারও তা ফাইলবন্দী হওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও জ্যেষ্ঠতার তালিকা একাধিকবার ধামাচাপা পড়ে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী গত ২০ জুন জ্যেষ্ঠতার সংশোধিত তালিকা অনুমোদন করেন। কিন্তু এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বোর্ড সূত্র জানায়, ১৯৯৫ সালে চট্টগ্রাম বোর্ড প্রতিষ্ঠার পর উচ্চমান সহকারী পদে ছয়জন ও নিম্নমান সহকারী পদে নয়জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রায় পাঁচ বছর পর ২০০২ সালের ৩০ ডিসেম্বর বোর্ড কর্তৃপক্ষ এ দুটি পদে কর্মরতদের চূড়ান্ত জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ করে। সূত্র জানায়, এ তালিকা তৈরিতে জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা অনুসরণ করা হয়নি বলে আপত্তি জানিয়ে ২০০৩ সালের ৫ জানুয়ারি বোর্ডের সচিব বরাবর আবেদন করেন তৎকালীন উচ্চমান সহকারী (বর্তমানে সেকশন অফিসার) রাহেলা তাছনীম নূর ও নিম্নমান সহকারী (বর্তমানে উচ্চমান সহকারী) আবু তাহের নিজামী। আবেদনে তাঁরা জ্যেষ্ঠতাসংক্রান্ত বিধিমালার ভিত্তিতে তাঁদের জ্যেষ্ঠতা পুনর্নির্ধারণের দাবি জানান। কিন্তু তৎকালীন কর্তৃপক্ষ তাঁদের কারও আবেদন বিবেচনায় না নিয়ে ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি উচ্চ ও নিম্নমান সহকারী পদের জ্যেষ্ঠতার চূড়ান্ত তালিকা প্রকাশ করে। রাহেলা তাছনীম ১৯৯৬ সালের ২১ নভেম্বর ও আবু তাহের নিজামী একই বছরের ২৬ নভেম্বর কাজে যোগদান করেন। আবু তাহের নিজামী প্রকাশিত জ্যেষ্ঠতার তালিকা সংশোধনের জন্য ২০০৩ সালের পর থেকে প্রতিবছরই আবেদন জানিয়ে আসছিলেন। ২০০৬ সালের ২৬ এপ্রিল তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই বছরের ১৪ জুন তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। কমিটির প্রধান ছিলেন সাবেক কলেজ পরিদর্শক মো. নুরুল হুদা এবং সদস্য ছিলেন তৎকালীন উপপরিচালক (বর্তমান উপপরীক্ষা নিয়ন্ত্রক) জামাল উদ্দীন আহমদ ও তৎকালীন সহকারী সচিব (বর্তমানে হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক) মো. মঈন উদ্দীন। কমিটি তাদের প্রতিবেদনে বিদ্যমান জ্যেষ্ঠতার তালিকা সংশোধন করে জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালার ভিত্তিতে তা প্রণয়নের জন্য সুপারিশ করেন।জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালায় বলা হয়েছে, একই বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে কর্মকমিশন অথবা সংশ্লিষ্ট বাছাই বা নির্বাচনী কমিটি কর্তৃক প্রস্তুতকৃত মেধা তালিকা অনুসারে তাদের পারস্পরিক মেধা তালিকা নির্ধারণ করতে হবে। মেধা তালিকার অবর্তমানে বয়সের ভিত্তিতে তাঁদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বয়োকনিষ্ঠ ব্যক্তির চেয়ে জ্যেষ্ঠ হবেন। এতে আরও বলা হয়, একই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের পারস্পরিক জ্যেষ্ঠতা উপরোক্ত দুটি পদ্ধতিতেই নির্ধারিত হবে। এ ক্ষেত্রে যোগদানের তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে না। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কমিটির এ সুপারিশ বাস্তবায়ন করেনি। এ ব্যাপারে কমিটির সদস্য উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দীন আহমদ সুপারিশ প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অনেক দিন আগের ঘটনা। ইতিমধ্যে সুপারিশটি বাস্তবায়িত হয়েছে কি না জানি না।’২০১০ সালের ২৫ আগস্ট আবু তাহের নিজামী আবার আবেদন করলে তা বোর্ডের আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা ২০০৬ সালে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের অনুরোধ জানান। ওই সুপারিশে মেধা ও বয়সের বিষয়টি উল্লেখ থাকায় বোর্ড কর্তৃপক্ষ এটি পর্যালোচনার জন্য গত বছরের ২৯ আগস্ট কলেজ পরিদর্শক কাজি নাজিমুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে দেন। কমিটির সদস্য করা হয় উপসচিব মোহাম্মদ মাহবুব হাসান ও অডিট কর্মকর্তা মৃণাল চন্দ্র দেকে। কমিটি সার্বিক বিষয় আলোচনা ও পর্যালোচনা করে এ বছরের ১৮ এপ্রিল বোর্ড কর্তৃপক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এতে ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত উচ্চমান ও নিম্নমান সহকারীদের জ্যেষ্ঠতার তালিকা বিধিসম্মত নয় বলে বলা হয়। কমিটি জ্যেষ্ঠতার সাধারণ নীতিমালা এবং নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারী (জ্যেষ্ঠতা-পদোন্নতি) বিধিমালা-২০১১ অনুযায়ী মেধা তালিকার ভিত্তিতে, মেধা তালিকা না থাকলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতার তালিকা সংশোধনের সুপারিশ করে। অভিযোগকারী উচ্চমান সহকারী আবু তাহের নিজামী বলেন, ‘আমরা চাই বিধি মোতাবেক জ্যেষ্ঠতার তালিকা সংশোধন করা হোক।’জানা যায়, ২০০২ ও ২০০৩ সালে জোট সরকারের আমলে প্রণীত উচ্চমান ও নিম্নমান সহকারীদের জ্যেষ্ঠতার তালিকায় বিএনপি-জামায়াত সমর্থকদের শীর্ষে রাখা হয় এবং চাকরিতে যোগদানের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। জোট সরকার ক্ষমতায় থাকায় তাদের সমর্থক ও বোর্ডের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশের কারণে দীর্ঘদিন জ্যেষ্ঠতার তালিকা সংশোধন করা যায়নি। চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেউ আমার ওপর কোনো চাপ সৃষ্টি করেনি। বিষয়টি জটিল বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময়টা লাগছে।’