অনুমোদনের বিলে সমর্থন দেবে না বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত সীমান্ত চুক্তিতে ত্রুটি রয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারা বলেছে, চুক্তি বাস্তবায়নে সরকার পার্লামেন্টের আসন্ন বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন বিলে প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারবে না। ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি, ১৯৭৪-এ সংশোধনী আনার বিষয়টি গত মাসে অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা। বিজেপির জাতীয় কাউন্সিল গতকাল রোববার নয়াদিল্লিতে শুরু হয়। কাউন্সিলের উদ্বোধনী ভাষণে দলটির সভাপতি রাজানাথ সিং বলেন, ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্বাক্ষরিত ওই চুক্তিটি একতরফা।মনমোহন সিং ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তির অতিরিক্ত প্রটোকলে সই করেন। চুক্তিটি বাস্তবায়নের জন্য ভারতে সংবিধানে সংশোধনী আনতে হবে। কারণ, বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল (মোট আয়তন ১৭ হাজার ১৪৯ একর) এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল (মোট আয়তন সাত হাজার ১১০ একর) বিনিময়ের বিষয়টি চুক্তির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশ এরই মধ্যে চুক্তিটি অনুমোদন করেছে।উদ্বোধনী ভাষণে বিজেপির এই প্রধান নেতা বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তির আওতায় সরকার ছিটমহল বিনিময়ের যে প্রক্রিয়া শুরু করেছে, তাতে ভারতকে ১৩ হাজার একর ভূমি ছাড় দিতে হবে; পক্ষান্তরে বাংলাদেশকে মাত্র তিন হাজার একর ছাড় দিতে হবে। কিন্তু এই ১০ হাজার একর ভূমি হারানোর ক্ষতিপূরণ কী হবে, সরকার সেই প্রশ্নের কোনো সদুত্তর দিচ্ছে না। দ্য হিন্দু।