অনুমোদনের বেশি পাহাড় কাটায় ৪০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ জঙ্গলছড়ি মৌজায় পাহাড় কাটার অভিযোগে আবুল খায়ের গ্রুপকে ৪০ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার প্রকল্পের জন্য আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন প্রায় ১৩ একর পাহাড় থেকে মাটি কাটার অনুমতি দেয় প্রশাসন। তারা অতিরিক্ত ১ দশমিক ৮৫ একর পাহাড় কেটেছে। তাই এই জরিমানা করা হয়। ৪৫ দিনের মধ্যে অনুমোদনের বাইরে কাটা পাহাড়ের অংশ মাটি ভরাট করে সেখানে বনজ ও ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে আগের উচ্চতায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গতকাল পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, পাহাড়ের বেশি অংশ কাটা ইচ্ছাকৃত নয়, ভুলবশত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই জরিমানার উদ্দেশ্য পরিবেশ নষ্ট করে এমন কাজ বন্ধে আইনি চাপ সৃষ্টি করা।’