ভূমি অধিগ্রহণে জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে অনুমোদনের ১৪ মাসেও শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা উপজেলা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের দুই লেন সড়কের কাজ শুরু হয়নি। এ অবস্থায় অনিশ্চয়তায় পড়েছে ১৭১ কোটি টাকার এই প্রকল্পের কাজ।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা উপজেলা পর্যন্ত ২৯ দশমিক ৫ কিলোমিটার দুই লেন সড়ক নির্মাণে ২০১১ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৭১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। সড়ক প্রশস্ত করার জন্য চারটি প্যাকেজে ভূমি অধিগ্রহণ করার কথা থাকলেও ১৪ মাসেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো তা শেষ করতে পারেনি।সড়কটি নির্মাণের জন্য চারটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের কাজ পেয়েছে পারিশা ট্রেড সিস্টেম লিমিটেড, আর বাকি দুটি প্যাকেজের কাজ পেয়েছে রানা বিল্ডার্স ও মহিউদ্দিন বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পটির কাজ শেষ করার কথা। ইতিমধ্যে সওজ থেকে জমি অধিগ্রহণের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ সড়ক দিয়ে প্রতিদিন বন্দর থেকে কয়লা-পাথর-বালু নিয়ে ভারী যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। বড় বড় ভাঙার কারণে সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে স্থলবন্দরসহ তিনটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। একমাত্র সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।নয়াবিল ইউনিয়নের ভটভটিচালক ইদ্রিস আলী জানান, আগে নয়াবিল থেকে নালিতাবাড়ী সদরে যেতে ১৫-২০ মিনিট সময় লাগত। এখন এক ঘণ্টা লাগে। ইউপি সদস্য মো. শাহজাহান আলী জানান, সড়কটি ভেঙে যাওয়ায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। আমদানি-রপ্তানিকারক মো. আনোয়ারুল মঞ্জিল বলেন, ভাঙাচোরা ও অপ্রশস্ত সড়কের কারণে প্রতিনিয়ত যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক এম এ হাকিম বলেন, এ সড়কের ওপর নির্ভর করছে বন্দরটির ভবিষ্যৎ।পারিশা ট্রেড সিস্টেম লিমিটেডের নির্বাহী পরিচালক হোসেন আহম্মেদ প্রথম আলোকে বলেন, বর্ষা ও জমি অধিগ্রহণের বিলম্ব হওয়ার কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।শেরপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। দুই কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ করা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শুরু করার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ করতে না পারলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা জটিল হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণের জন্য চারটি প্যাকেজের মধ্যে তিনটির কাজ চলছে। অন্য একটি প্যাকেজের জন্য সওজকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। দ্রুত ভূমি অধিগ্রহণের কাজ শেষ করা যাবে বলে তিনি আশা করেন।