অনুমোদান ছাড়া ওষুধ উৎপাদন দুজনের কারাদণ্ড
অনুমোদন ছাড়া হোমিওপ্যাথ ওষুধ তৈরি ও রোগীদের প্রয়োগের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই নারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার নগরের বাকলিয়ায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাকলিয়ার মিয়াখান নগরের আইডিয়াল হোমিও ফার্মাকোর কর্ণধার কনিকা বণিক ও আইডিয়াল হোমিও ম্যানুফ্যাকচারিংয়ের মালিক সুমি ধর। তাঁরা অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদন করছিলেন বলে জানান মুহসীনিন মাহবুব। তিনি বলেন, এভাবে কেউ ওষুধ উৎপাদন করতে পারে না। প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয় বিভিন্ন সরঞ্জাম। দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই আদালত অনুমোদন না থাকায় কালামিয়া বাজার এলাকায় মুক্তি ইউনানি ঔষধালয় নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেন। তবে সেখানে ওই সময় কাউকে পাওয়া যায়নি।
এ ছাড়া পাইকারি ওষুধ বিক্রয় লাইসেন্স না নিয়ে ডিপোর মাধ্যমে ওষুধ বিক্রি করার সময় ফার্মাদেশ ল্যাবরেটরিজ লিমিটেড ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মুহসীনিন মাহবুব জানান, এভাবে লাইসেন্স ছাড়া ডিপো খুলে ওষুধ বিক্রি করা যায় না।