অনুমোদিত অস্ত্রের অবৈধ ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জুলফিকার আলীর বিরুদ্ধে অনুমোদিত অস্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ কারণে মংলা থানার পুলিশ বাগেরহাট পুলিশ সুপারের কাছে তাঁর অস্ত্রের লাইসেন্স (অনুমোদন) বাতিল করার আবেদন করেছে।মংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান গত মঙ্গলবার অভিযোগ করেন, মেয়র তাঁর লাইসেন্স করা পিস্তল ও বন্দুকের অপব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন।মংলা উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম হোসেন অভিযোগ করেন, ২ জুন বিকেলে শহরতলির মাদ্রাসা রোড এলাকায় পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় জুলফিকার আলীকে প্রধান আসামি করে বিএনপির ৪২ জন নেতা-কর্মী ও সমর্থকের নামে মংলা থানায় মামলা করেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম। তিনি বলেন, একজন নির্বাচিত পৌর মেয়র প্রকাশ্যে তাঁর লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মংলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, ‘পৌর মেয়র প্রকাশ্যে যেভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করছেন, তা সম্পূর্ণ বেআইনি। এ কারণে আমরা পুলিশ সুপারের কাছে তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করেছি।’জুলফিকার আলী তাঁর বিরুদ্ধে অস্ত্রের অপব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২ জুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে যোগ দিতে আসা বিএনপির নেতাদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এ সময় আত্মরক্ষার তাগিদে আমার নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি চালায়। আওয়ামী লীগ এ ঘটনা ধামাচাপা দিতে উল্টো আমাকেসহ বিএনপির ৪২ জন নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’