পয়েন্টের ভিত্তিতে (পিবিএস) যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি যেসব আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক বিবরণী গ্রহণযোগ্য হবে না, তারও তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বিবরণী দেওয়া হলে সেই আবেদন গ্রহণ করা হবে না। দুটি তালিকাই http//ukinbangladesh.fco.gov.uk/en/visitinguk/visas/এবংwww.ukba.homeoffice.go.uk/sitecontent/documents/studying/financial-institutions/ এই ঠিকানায় পাওয়া যাবে। ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) পিবিএসে ভিসার ক্ষেত্রে নতুন আইন করেছে। আগামী ১৩ ডিসেম্বর থেকে ভিসার জন্য আবেদনপত্র জমাদানকারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। ভিসার জন্য আবেদনকারীদের একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক বিবরণী দিতে হয়। এখন থেকে ইউকেবিএর তালিকায় না থাকা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ভিসার জন্য আবেদনকারীদের কোনো তথ্য গ্রহণ করবে না। ইউকেবিএ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করে। এসব প্রতিষ্ঠানের আর্থিক বিবৃতিতে ইউকেবিএ সন্তুষ্ট হতে পারেনি। এই তালিকা নিয়ে পর্যালোচনা চলছে। বিজ্ঞপ্তি।