অনুমোদিত কারখানায় ভেজাল সার!
মিশ্র ও দস্তা সার তৈরির অনুমোদন নিয়ে যশোরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ভেজাল সার তৈরির কারখানা। ব্যাটারির ছাই, কালো মাটি, চুনাপাথর, সাদা সিমেন্ট, জিপসাম ও গন্ধকজাতীয় রাসায়নিক পদার্থ মিশিয়ে এ সার তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা বলেন, অভিযান চালিয়েও ভেজাল সার উৎপাদন বন্ধ করা যাচ্ছে না। কারণ ঢাকার কয়েকটি নামীদামি কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যশোরের ভেজাল সারের কারবারিদের সখ্য রয়েছে। তারা এখানকার কারখানা থেকে ভেজাল সার কিনে প্যাকেটজাত করে দেশের অনুন্নত এলাকায় বিক্রি করছে। ইতিমধ্যে এ রকম দুটি কোম্পানি শনাক্ত করা হয়েছে।কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে বলেন, ভেজাল সারের মধ্যে চুনাপাথরের গুঁড়ো ও সিমেন্টসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকায় জমিতে ব্যবহারের পর মাটি শক্ত হয়ে যাচ্ছে। উদ্ভিদ পুষ্টি পাচ্ছে না। ফলন কমে যাচ্ছে। ক্রমাগত এ সার ব্যবহারের ফলে একপর্যায়ে এসব জমিতে আর কোনো ফসলই হবে না।কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২১টি দস্তা ও ১০টি মিশ্র সার তৈরির অনুমোদিত কারখানা রয়েছে। গত তিন মাসে ভ্রাম্যমাণ আদালত যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকার ১০টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল টিএসপি, দস্তা ও এমওপি সার জব্দ করেছে। চারটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের অনুমোদিত কারখানা রয়েছে তিনটি। এগুলো হলো—সদর উপজেলার কেসমত রাজাপুর গ্রামের আর এম এম এগ্রো ফার্টিলাইজার, ঘুরলিয়ায় এ আর এগ্রো কেমিক্যাল ও পতেঙ্গালী গ্রামের থ্রি স্টার ফার্টিলাইজার।সদর উপজেলার কৃষি কর্মকর্তা আবদুর রউফ জানান, এসব কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, প্রত্যেক কারখানায় ভেজাল টিএসপি ও দস্তা সার তৈরি করা হচ্ছে। এ ছাড়া কৃষ্ণবাটী গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে গড়ে ওঠা মুক্তেশ্বরী ফার্টিলাইজার কারখানায় অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ করে নমুনা পরীক্ষা করা হয়। ভেজাল প্রমাণিত হওয়ায় সম্প্রতি এগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।