রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নতুন ভবনটি ব্যবহারের জন্য সেগুনবাগিচার ইউসেপ স্কুল কর্তৃপক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছে এলাকাবাসীর সংগঠন ‘সেগুনবাগিচা সোসাইটি’। ভবন থেকে একটি কলেজের সাইনবোর্ড নামিয়ে ফেলা ও তাদের ‘বেআইনি বিজ্ঞাপন’ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলে তারা।কিছুদিন ধরে আন্দোলনরত বাসিন্দাদের আশঙ্কা, আবাসিক এলাকায় কলেজটি চালু হলে এলাকায় যানজট ও শব্দদূষণ আরও বাড়বে। সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় (ইউসেপ) সরকারের কাছ থেকে ১১৫ সেগুনবাগিচার জায়গাটি বরাদ্দ নিয়েছিল। সেখানে বেশ কয়েক বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের একটি বিদ্যালয় ছিল। এখন স্কুল কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিয়ে সেখানে ছয়তলা ভবন নির্মাণ করছে। সেগুনবাগিচা সোসাইটি বলছে, নিয়ম ভেঙে বিদ্যালয়ের জায়গা ভাড়া দেওয়া হয়েছে ‘কিংস কলেজ’ নামের একটি বেসরকারি কলেজের কাছে।