অনুমোদিত ভবনের তথ্য দিতে কমিশনের নির্দেশ
ঢাকার সাভার পৌর এলাকায় অনুমোদিত পাকা ভবনের তথ্য দিতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। এ জন্য ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় তথ্য কমিশনে শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়।
সাভার পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই শত শত ভবন গড়ে উঠেছে প্রায় সাড়ে ১৫ কিলোমিটার আয়তনের পৌর এলাকায়। এখনো অনেক ভবনের নির্মাণকাজ চলছে। পৌর এলাকায় ৫ থেকে ১০ তলা পর্যন্ত অনুমোদিত পাকা ভবনের সংখ্যা জানতে চেয়ে গত ২০ জুন এ প্রতিবেদক পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে নিয়ম অনুযায়ী ১ আগস্ট আপিল আবেদন করা হয় ভারপ্রাপ্ত মেয়রের কাছে। এর পরও তথ্য সরবরাহ না করায় গত ১২ সেপ্টেম্বর তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
গতকাল উভয় পক্ষের উপস্থিতিতে তথ্য কমিশনে শুনানি হয়। শুনানিতে উপস্থিত হয়ে পৌরসভার শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস অনুমোদিত পাকা ভবনের কোনো পরিসংখ্যান নেই বলে কমিশনকে জানান। উভয় পক্ষের কথা শুনে কমিশন আগামী ২০ নভেম্বরের মধ্যে চাহিদামতো তথ্য দেওয়ার নির্দেশ দেন।
পৌরসভার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রানা প্লাজা ধসের পর মেয়র রেফাত উল্লাহ (বরখাস্ত হয়ে বর্তমানে কারাগারে) ভবন অনুমোদন-সংক্রান্ত সব নথি সরিয়ে ফেলেন।
অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভবনের অনুমোদন দেওয়া হতো। এ কারণে নির্মাণের সময় পৌরসভার পক্ষ থেকে কোনো তদারকি করা হতো না। ধসে পড়া রানা প্লাজা নির্মাণের সময় ছয়তলার অনুমোদন দিয়েও পরে ১০ তলা পর্যন্ত বাড়ানো হয়।
এদিকে গত কয়েক দিনে পৌরসভার ছায়াবীথি, জালেশ্বর, জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি, ব্যাংক কলোনি, রেডিও কলোনি, শিমুলতলা, ব্যাংক টাউন, রাজাশন ও বাজার এবং থানা সড়কের উভয় পাশের এলাকায় ঘোরা হয়েছে। এসব এলাকায় শিল্প, বাণিজ্যিক ভবনসহ ৭ থেকে ১২ তলা পর্যন্ত ভবন রয়েছে কমপক্ষে তিন হাজার। এসব ভবনের প্রায় সবগুলোরই অনুমোদন দিয়েছে সাভার পৌর কর্তৃপক্ষ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) হাতেগোনা কয়েকটি ভবনের অনুমোদন দিলেও তার কোনো পরিসংখ্যান নেই সংশ্লিষ্ট দপ্তরে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, খাতাপত্র না থাকায় ভবন অনুমোদন-সংক্রান্ত কোনো তথ্য পৌরসভায় নেই। ঘুষের বিনিময়ে ভবন অনুমোদন ও এ-সংক্রান্ত তথ্য গোপন রাখতে নথি বা খাতাপত্র গায়েব করা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অনুমোদন পেতে ঘুষ: এদিকে সাভার পৌর এলাকার ছায়াবীথিতে ‘মোল্লা টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে। জালেশ্বর এলাকায় ‘জারিন ড্রিম গার্ডেন’ নামে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে মাস খানেক আগে। মোল্লা টাওয়ারের অন্যতম মালিক আবুল হোসেন মোল্লা জানান, নকশাসহ আবেদন করার পর পৌরসভা থেকে তাঁদের অনুমোদন দেওয়া হয়। এ জন্য তাঁদের নিয়মের বাইরেও ঘাটে ঘাটে বেশ টাকা খরচ করতে হয়েছে। জারিন ড্রিম গার্ডেনের মালিক জয়নাল আবেদিন বলেন, ভবন নির্মাণের অনুমোদনের জন্য ৫০ হাজার টাকার বেশি ঘুষ দিতে হয়েছে পৌর কর্তৃপক্ষকে।