অনুমোদিত ভবনের সামনে এর পরিকল্পনা ঝুলিয়ে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, সিডিএর অনুমোদন পাওয়া প্রতিটি ভবনের সামনে এর বিস্তারিত পরিকল্পনা ঝুলিয়ে রাখতে হবে। কত তলার ভবন হবে, কোন ধরনের ভবন হবে, আবাসিক, দাপ্তরিক না পোশাকশিল্প প্রতিষ্ঠান তা-ও স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে। এর ব্যতিক্রম হলে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। সিডিএ কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) ভবনের সামনে আয়োজিত মাসব্যাপী গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

‘ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত নগরী’ গড়ার লক্ষ্যে ইমারত নির্মাণ বিধিমালা, ডিটেইল এরিয়া প্ল্যান, ভূমিকম্পে সহনীয় ইমারত নির্মাণসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন পেশাজীবী ও জনসাধারণের মধ্যে সচেতনবোধ জাগাতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মাসব্যাপী গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। এতে স্বাগত বক্তব্য দেন সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সিডিএর বোর্ড সদস্য মফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মো. আবু সাদেক, রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, নগর উন্নয়ন পরিকল্পনা কমিটির দেলোয়ার হোসেন, সিডিএর বোর্ড সদস্য ইউনূস গণি চৌধুরী, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।

ফজলে করিম চট্টগ্রামে মধ্যম আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের অনুরোধ জানান সিডিএ কর্তৃপক্ষের কাছে। এ ক্ষেত্রে তাঁর সহযোগিতার আশ্বাস দেন। তিনি নগরে অননুমোদিত ভবনের তালিকা তৈরির ওপর জোর দেন। পাশাপাশি সুন্দর ও সবুজ নগরের জন্য এমন কিছু গাছপালা রোপনের পরামর্শ দেন, যেগুলোর পাতা ঝরবে না। কারণ সেই ঝরা পাতা নিয়মিত পরিষ্কার না হলে যেমন তা দৃষ্টিকটু ঠেকবে, তেমনি আবার পাতা কুড়ানোর জন্য বাড়তি লোকেরও প্রয়োজন পড়বে।