অনুর্বর জমিতে বাঁশবাগান করে লাভে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে কম ফলনশীল (অনুর্বর) কৃষিজমিতে বাঁশবাগান করে লাভবান হচ্ছেন কৃষকেরা। চাহিদা থাকায় কৃষকেরা বাড়ির আশপাশ ও ঝোপঝাড়ের পাশাপাশি বর্তমানে ফসলি জমিতে বাঁশ উৎপাদন করছেন।

জেলা পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন পরিষদের সদস্য কুমার লাভলু বলেন, কৃষকদের এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দিয়ে বাঁশ চাষে সরকারি-বেসরকারিভাবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া দরকার। এতে আর্থিক লাভের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বাঁশবাগান ভূমিকা রাখবে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার কালিকাপুর, বাহাদুরপুর ও পাঁচখোলা, শিবচরের ছিলারচর, ভদ্রাসন ও বাঁশকান্দি, কালকিনির বাঁশগাড়িসহ জেলার প্রায় ২৫টি ইউনিয়নে বাঁশের অনেক বাগান রয়েছে। বসতবাড়ির আশপাশ ও পরিত্যক্ত জঙ্গলে বাঁশের বাগান করেছেন অনেকে। এর মধ্যে সদর উপজেলার কালিকাপুর গ্রামে লিয়াকত আলী ব্যাপারী এক একর কৃষিজমিতে সারিবদ্ধভাবে বাঁশের বড় বাগান করেছেন।

কৃষক লিয়াকত আলী ব্যাপারী বলেন, এই জমিতে বালুমাটিরকারণে ফসল উৎপাদন করতে সমস্যা হয়। তাই এসব জমিতে বাঁশের বাগান তৈরি করেছেন। বাঁশের চাহিদা ভালো থাকায় তিনি লাভবানও হচ্ছেন। প্রতিটি বাঁশ ৭০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করেন তিনি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুরের বেশির ভাগ গ্রামীণ হাটবাজারেই বাঁশ বিক্রি হয়। শুধু বাঁশ বিক্রি জন্য ফরাজীর হাটের মতো নির্ধারিত হাটও রয়েছে বিভিন্ন এলাকায়। এসব হাট থেকে বাঁশের পাইকারি চালান নদীপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।

ফরাজীর হাট গ্রামের কৃষক সেলিম মোড়ল বলেন, ‘আমি পাঁচটি বাগান থেকে বাঁশ বিক্রি করি। পাইকারি ক্রেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেকে বাঁশ নিতে আসেন। আমিও বাঁশ চাষ করে লাভবান। প্রতিটি বাঁশ গড়ে ২০০ টাকা করে বিক্রি করতে পারি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় বাঁশ চাষের আওতাধীন জমির পরিমাণ প্রায় ১০০ হেক্টর। প্রতি হেক্টরে বাঁশের উৎপাদন হয় দেড় হাজার। বাঁশের গড় বাজারমূল্য ১৫০ টাকা। হেক্টরপ্রতি বাঁশের মোট উৎপাদন ২ লাখ ২৫ হাজার টাকা, উৎপাদন খরচ ৫০ হাজার টাকা। এতে বাঁশ চাষ করে হেক্টরপ্রতি ১ লাখ ৭৫ হাজার টাকা লাভ থাকে।

জানতে চাইলে অধিদপ্তরের উপপরিচালক জি এম এ গফুর প্রথম আলোকে বলেন, বাঁশ চাষ অর্থকরী বিষয়। আগে শুধু বাঁশের গোড়া থেকে বাঁশ চাষ হতো। এখন কঞ্চি থেকেও বাঁশ চাষ হয়। মাদারীপুরের কৃষকেরা কিছুটা কম উৎপাদনশীল বা কম উর্বর জমিতে বাঁশ চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ থেকে মাঝেমধ্যে তাঁদের উদ্বুদ্ধকরণসহ বৈজ্ঞানিকভাবে বাঁশ চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।