বিচারপতি নাজমুন আরার সংবর্ধনায় প্রধান বিচারপতি
অনুশীলন, পড়াশোনার মাধ্যমে রায় লেখায় দক্ষ হতে হবে
রায় লেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেছেন, ‘আজকাল যে রায়গুলো আমরা পাই, সেগুলো যে খুব ভালোভাবে লেখা হয়, তা বলতে পারছি না। ছাড়া ছাড়া, কেমন যেন একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। আইনি ভাষার যে দক্ষতা প্রয়োজন তার যেন একটু অভাবই বোধ করি। ঘটনা বিশ্লেষণেরও অভাব বোধ করি।’প্রধান বিচারপতি বলেন, আইনের কথা বলা হয়, কিন্তু আইনের কখন কোথায় কীভাবে ব্যবহার হবে, তা শিখতে হবে। এর সংক্ষিপ্ত কোনো পদ্ধতি নেই। অনুশীলনের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে ও ক্রমাগত রায় লেখার মাধ্যমে তা অর্জন করতে হবে। গতকাল শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি নাজমুন আরা সুলতানাকে সংবর্ধনা দেয়। সে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, নারী বা প্রথম মুনসেফ বলে তিনি (বিচারপতি নাজমুন আরা সুলতানা) আপিল বিভাগের বিচারপতি হননি। তাঁর লেখা রায় দেখার সুযোগ হয়েছে। তিনি পড়াশোনা করেন ও জ্ঞানের গভীরতা রয়েছে—তা রায় পড়ে বোঝা যায়।এ বি এম খায়রুল হক বলেন, ‘যে পরিমাণ আত্মহত্যার ঘটনা ঘটেছে, মেয়েদের নির্যাতনের পরিমাণ বেড়েছে, তাতে সন্ত্রস্ত বোধ করছি। আমরা কি অবনতির দিকে এগোচ্ছি? এটা বন্ধ করার উপায় কী? এটা চিন্তা করবেন। যখন বিচার করবেন, এ সমস্যাটা মাথায় রাখবেন। এ অবক্ষয় কেন হচ্ছে? এটা ঠেকানোর উপায় কী? আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো কেন আত্মহননের পথ বেছে নিচ্ছে? এটা কীভাবে বন্ধ করা যায়। কখনো যদি সুযোগ আসে বিচারিক দায়িত্ব পালনকালে, সুরাহা করবেন।’ তিনি বলেন, সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, তাদের প্রতি যেন অবহেলা না হয়। তারাই ভবিষ্যৎ। নতুবা নতুন করে আর নাজমুন আরা সুলতানা আসবে না। ঘরের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাসোসিয়েশনের সভাপতি জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জিনাত আরা। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হোসনে আরা আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন আইন কমিশনের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের মহাসচিব শারমিন নিগার ও পাবনার জেলা জজ নুরুন্নাহার ওসমানী। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ও তাতে বিচারপতি নাজমুন আরা সুলতানার অবদান নিয়ে প্রামাণ্য চিত্র তুলে ধরেন সহকারী বিচারক লুবনা জাহান। বিচারপতি নাজমুন আরা সুলতানাকে অনুসরণ করার আহ্বান জানিয়ে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, তিনি পথিকৃৎ। তাঁকে অনুসরণ করে নিজেদের তৈরি করবেন ও আপিল বিভাগে আসবেন।সংবর্ধনায় বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমি অভিভূত, অভিভূত। কী বলব বুঝতে পারছি না। আমার সম্পর্কে যেসব ভালো ভালো কথা বলা হয়েছে, আমি তার যোগ্য নই। আমরা বিচারপতিরা সংবর্ধনায় অভ্যস্ত নই। দিতেও অভ্যস্ত নই।’ তিনি বলেন, ভয়-ভীতি ও রাগ-অনুরাগের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার করতে হবে। সর্বোচ্চ আদালতে নারী বিচারপতির সংখ্যা একদিন পুরুষদের সমান হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।