আজ ২৬ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’। হৃদরোগ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য পৃথিবীর প্রায় ১০০টি দেশে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয়, ‘স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তুলুন, নিজের হার্ট ভালো রাখুন’।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবছর বিশ্বব্যাপী হৃদরোগে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ মারা যায়। সংস্থাটি আরও বলছে, ধূমপান, পর্যাপ্ত ফল ও সবজি না খাওয়া, স্থূলতা, শরীরে অতিরিক্ত ওজন, কায়িক শ্রম না করা, উচ্চ রক্তচাপ—এসব হৃদরোগের ঝুঁকি বাড়ায়।প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। তবে জ্যেষ্ঠ চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে অনুষ্ঠান আয়োজন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। সরকারের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল একটি অনুষ্ঠানের আয়োজন করার কারণে এ অসন্তোষ।সরকারিভাবে দিনটি পালন করা না হলেও হার্ট ফাউন্ডেশন মূলত দিবসটি পালনের মূল উদ্যোগ গ্রহণ করে। কার্ডিয়াক সোসাইটি ও সরকারের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এই অনুষ্ঠান আয়োজনে ফাউন্ডেশনকে সহায়তা করে। এ বছর হঠাৎ করে পৃথকভাবে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ চিকিৎসক প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় বলেন, ওষুধ কোম্পানি ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠান করা উচিত কি না, তা ভেবে দেখা দরকার।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আজ সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রা ও ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে। দিনটি পালন করার জন্য প্রতিষ্ঠানের পক্ষে সহকারী অধ্যাপক সৈয়দ আবদুল কাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদান চেয়ে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে প্রথম আলোকে তিনি বলেন, ওষুধ কোম্পানির কাছ থেকে সহায়তা নিয়ে অনুষ্ঠান করার নজির আছে। এতে কোনো অসুবিধা নেই। ইনস্টিটিউটের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী ব্যস্ত থাকায় মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে পারেননি। দিনটি উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সকাল ১০টা থেকে বিনা মূল্যে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবে। এ ছাড়া হৃদরোগ বিষয়ে কর্মশালা ও সেমিনারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।