অনুষ্ঠান করতে বাধা, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান করতে বাধা দেওয়ার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরের প্রেসক্লাব চত্বরে গতকাল রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সম্মিলিত শিল্পীসমাজ।প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় শহরের পুরোনো বাবুপাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর শিল্পীদের অনুষ্ঠান আয়োজন না করার বিষয়ে হুঁশিয়ার করেন। গত ২৮ আগস্ট অনুষ্ঠানটির প্রচারে গেলে কাউন্সিলর কায়সার আলী ক্ষুব্ধ হয়ে মাইক ভাঙচুর ও মাইকের অপারেটরকে মারধর করেন।বক্তারা অভিযোগ করেন, ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিল্পীরা অবিলম্বে ওই কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি করেন।প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৈয়দপুর জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন বাঙালি, সম্মিলিত শিল্পীসমাজের আহ্বায়ক মীর আনোয়ার আলী প্রমুখ বক্তব্য রাখেন।পৌর কাউন্সিলর কায়সার আলী জানান, পৌরসভার অনুমতি না নিয়ে শিল্পীরা মাইকে প্রচার করছিলেন, তাই এতে বাধা দেওয়া হয়েছে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’