অনুষ্ঠান বাণীবদ্ধ না করেই বিল!
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠান বাণীবদ্ধ (রেকর্ডিং) না করেই শিল্পীদের সই জাল করে সম্মানী ভাতার টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে দেখা যায়, চলতি বছর ওই বেতার কেন্দ্রে মার্চ থেকে মে মাস পর্যন্ত শিল্পী সম্মানী খাতে দুই দফায় সাড়ে ছয় লাখ টাকার বিল জমা দেওয়া হয়। জমা দেওয়া সেসব বিলে দেখা যায়, গত ১০ এপ্রিল বেতার কেন্দ্রে সরাইখানা নাটক বাণীবদ্ধ করার জন্য শহরের শান্তিনগরের অমল কুমার, আশ্রমপাড়ার রাশেদুল আলম, শহরের সুরুচি হোটেলের মালিক প্রাণতোষ কুমার দে, রানীশংকৈল মহাবিদ্যালয়ের প্রভাষক প্রশান্ত কুমার বসাকসহ অনেক নাট্যশিল্পীর নামে বিভিন্ন অঙ্কের বিল জমা দেওয়া হয়েছে। গত ১৭ এপ্রিল শেষ বিকালের গান নাটকটি বাণীবদ্ধ করার জন্য শহরের কালীবাড়ির স্বপ্না সাহা, ননী গোপালসহ অন্যান্য শিল্পীর নামেও বিভিন্ন অঙ্কের বিল জমা দেওয়া হয়েছে। কিন্তু এসব শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরাইখানা ও শেষ বিকালের গান নামে গত মাসে কোনো নাটক বাণীবদ্ধ হয়নি।শহরের শান্তিনগরের নাট্যশিল্পী অমল কুমার জানান, তিনি বছর খানেক ধরে বেতারের কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। রাশেদুল আলমের ভাষ্যমতে, গত মাস নয়—এক বছর ধরে বেতারের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নেই। প্রাণতোষ কুমার দে জানান, তিনি কখনো বেতারের নাটকে অভিনয় করেননি। শুধু একবার তাঁকে নাটকে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল বেতার। তবে অভিনয় করা হয়নি।৮ মে পরিষ্কার-পরিচ্ছন্নতাবিষয়ক একটি নাটকে অভিনয়ের জন্য সদর উপজেলার আলেয়া পারভীনের নামে এক হাজার ১৯৪ টাকার বিল জমা দেওয়া হয়েছে। তাঁর বিলে দেখা যায়, উত্তরলিপি ও প্রাপ্তি স্বীকারে আলেয়া পারভীনের স্বাক্ষরে মিল নেই। এ ঘটনার পর তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুই বছর ধরে বেতারের কোনো নাটকে অভিনয় করেননি বলে জানান।জমা দেওয়া বিলের উত্তরলিপি ও প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর এল কীভাবে—এ প্রশ্নের জবাবে নাট্যশিল্পী অমল কুমার বলেন, ‘যে নাটকটি বাণীবদ্ধই হয়নি, তার আবার বিল কিসের? যে বিল জমা দেওয়া হয়েছে তা ভুয়া ও সেখানে আমার সই জাল করা হয়েছে।’ একই রকম অভিযোগ করেন রাশেদুল আলম, প্রশান্ত কুমার বসাকসহ আরও অনেকে।জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রিয়নাথ রায় জানান, ঠাকুরগাঁও বেতারের জমা দেওয়া বিল ভুয়া কি না ত া যাচাই করার এখতিয়ার তাঁদের নেই। বিলের প্রক্রিয়া ও হিসাব-নিকাশ সঠিক থাকলে তাঁরা বিল ছাড় করতে বাধ্য। তিনি আরও বলেন, ‘বেতারের গত বছরের অনিয়ম নিষ্পত্তি না হওয়ায় বিব্রতকর অবস্থায় আছি।’বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (আরডি) আনোয়ার হোসেন মৃধা জানান, অবস্থার পরিপ্রেক্ষিতে এমন বিল জমা দিতে বাধ্য হয়েছেন তিনি। তবে কী অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি ওই বিল জমা দিয়েছেন, সে সম্পর্কে কিছু বলেননি।গত অর্থবছরে ঠাকুরগাঁও বেতারে চেক জালিয়াতি করে শিল্পী সম্মানী ভাতার ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। সে সময় বেতারের টাকা আত্মসাতের প্রতিবাদে ঠাকুরগাঁও বেতার শিল্পীরা শহরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। বিষয়টি নিষ্পত্তি না হতেই ফের অভিযোগ উঠল।