অনুষ্ঠান বাণীবদ্ধ না করেই বিল জমা দেওয়া যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক রাজিয়া সুলতানা বলেছেন, অর্থবছরের মধ্যে বরাদ্দের সব টাকার খরচ দেখাতে অনুষ্ঠান বাণীবদ্ধ (রেকর্ডিং) না করেই শিল্পী সম্মানী ভাতার বিল দাখিল করা যায়। এটা বেতারের ক্ষেত্রে তেমন কোনো অপরাধ বলে বিবেচনা করা হয় না।গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় রাজিয়া সুলতানা এসব কথা বলেন।বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রে অনুষ্ঠান বাণীবদ্ধ না করে শিল্পীদের সই জাল করে শিল্পী সম্মানী ভাতা আত্মসাতের চেষ্টার অভিযোগ যাচাই করতে আসেন রাজিয়া সুলতানা। এ সময় তিনি গণমাধ্যমের প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলেন।রাজিয়া সুলতানা জানান, তিনি বেতারের কাজে রংপুরে এসেছিলেন। এ সময় বেতারের মহাপরিচালক শামীম আহমেদ চৌধুরী তাঁকে ফোন করে ঠাকুরগাঁও বেতারের অনিয়মের অভিযোগ যাচাই করার নির্দেশ দেন।মতবিনিময় অনুষ্ঠানে রাজিয়া সুলতানা বলেন, কোনো প্রতিষ্ঠানের বরাদ্দ অর্থবছরের মধ্যে ব্যয় করতে না পারলে ওই প্রতিষ্ঠানকে তিরস্কার করা হয় এবং পরবর্তী বছরে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। এই ভয় থেকেই অনুষ্ঠান বাণীবদ্ধ না করেই শিল্পীদের সম্মানী ভাতার বিল জমা দেওয়া হয়েছে বলে ঠাকুরগাঁও কেন্দ্রের কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন। শিল্পীদের সঙ্গে চুক্তি থাকে যে পরবর্তী সময়ে অনুষ্ঠান বাণীবদ্ধ করা হবে।তবে কি সই জাল করে বিল জমা দেওয়া বেতারে বৈধ? এই প্রশ্নের জবাবে রাজিয়া সুলতানা বলেন, ‘শিল্পীদের সই জাল না করে তাঁদের দিয়ে সই করিয়ে নিয়ে বিল করা হলে ভালো হতো। সই জাল করে কর্তৃপক্ষ ভুল করেছে।’মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটোর সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।জানতে চাইলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম আহমেদ চৌধুরী গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘এটা বেতারের নরমাল প্র্যাকটিস নয়। এটা মাঝেমধ্যে হতে পারে। ১০ জুনের মধ্যে চলমান কাজ শেষ না করতে পারলে আমরা সাধারণত আগাম বিল তৈরি করে দাখিল করে থাকি। তবে শিল্পীদের সই জাল করে বিল জমা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।’গত মাসে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ নাটক, সংগীত ও কথিকা বাণীবদ্ধ না করেই শিল্পীদের সই জাল করে তাঁদের নামের বিপরীতে বিভিন্ন অঙ্কের বিল জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেয়। এ-সংক্রান্ত খবর প্রথম আলোসহ অন্যান্য সংবাদপত্রে প্রকাশের পর শিল্পীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত বুধবার ঠাকুরগাঁও সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বেতার শিল্পী সমাজের সদস্যরা স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।