অনুষ্ঠান হতে দিল না ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয় সমবায় দিবসে জামায়াত নেতাদের আতিথি করায় অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। গত শনিবার রাতে রাজারহাট এমআই ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, জাতীয় সমবায় দিবস উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় রাজারহাট এমআই ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাদের অতিথি না করে জামায়াত নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিনকে অতিথি করা হয়। এতে ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী রাত আটটার দিকে সরাসরি মঞ্চে উঠে অনুষ্ঠানের আয়োজকদের কাছে এর কারণ জানতে চেয়ে ‘রাজাকার মঞ্চে কেন’ স্লোগান দিতে থাকেন। এরই একপর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা এ কে এম নজমুল হুদা ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে ক্ষমা চেয়ে মাইকে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এরপর জামায়াত-সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন পুলিশের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রাত সাড়ে আটটার দিকে উপজেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জামায়াত-শিবিরবিরোধী বিক্ষোভ মিছিল করেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায় বলেন, সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম পরিকল্পিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে এমআই ডিগ্রি কলেজের জামায়াত নেতা উপাধ্যক্ষ সাইফুল মোস্তফাকে সভাপতির আসনে বসান। এটা ছাত্রলীগের নেতা-কর্মীরা মেনে নিতে পারেননি। এখন থেকে যেখানে জামায়াত-শিবিরকে দেখা যাবে, সেখানেই ছাত্রলীগ প্রতিহত করবে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘আপনারা দেখেন, এত বড় একটি সরকারি অনুষ্ঠান। অথচ মঞ্চে জাতির জনক ও প্রধামন্ত্রীর ছবি নেই। সেই সঙ্গে অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের অতিথি না করে জামায়াত নেতা উপজেলা ভাইস চেয়ারম্যানকে বিশেষ অতিথি করা হয়েছে। তাই ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ করেছে মাত্র। আর অনুষ্ঠান আয়োজকেরা নিজেরাই তাদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মাহবুবুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাঁকে বদলি করতে হবে।
এদিকে মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রটোকল অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে অতিথি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় এমআই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষকে সভাপতি করা হয়েছে। তিনি জামায়াত-সমর্থিত কি না, তা আমার জানা ছিল না।’
রাজারহাট থানার ওসি আবদুর রশিদ বলেন, অতিথিদের পুলিশ পাহারায় পাঠিয়ে দেওয়া হয়েছে।