পরিচালনা পরিষদ ও আজীবন সদস্য ফোরামের মুখোমুখি অবস্থানের কারণে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের মুলতবি সাধারণ সভা ভেস্তে গেছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে মা ও শিশু হাসপাতালের সভা করার অনুমতি বাতিল করে। তবে পরিচলনা পরিষদের একাংশ মেডিকেল ভবনের সামনে সভা করার দাবি করেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘দুই পক্ষের মুখোমুখি অবস্থান এবং আমার কিছু ছাত্রের দাবির কারণে আমরা একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে তাদের অনুমতি বাতিল করেছি। বাইরের হাসপাতালের এই সভাকে কেন্দ্র করে আমার ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে যাচ্ছিল।’ তিনি জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাইরের কোনো প্রতিষ্ঠানকে অনুষ্ঠানের জন্য মিলনায়তন ভাড়া দেওয়া হবে না।জানা গেছে, গত বছরের জুনে মা ও শিশু হাসপাতালের মুলতবি বার্ষিক সাধারণ সভার জন্য গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তন ভাড়া নেওয়া হয়। কিন্তু মা ও শিশু হাসপাতালের ‘আজীবন সদস্য ফোরাম’ নাম দিয়ে কিছু সদস্য মেডিকেল কলেজে মুলতবি সভা অনুষ্ঠানের বিরোধিতা করছিলেন। তাঁরা সভাটি মা ও শিশু হাসপাতালের নিজস্ব মিলনায়তনে করার দাবি জানান। এ দাবি না মেনে চট্টগ্রাম মেডিকেল কলেজে সভা করার সিদ্ধান্তে অটল থাকে কার্যকরী কমিটি। ফলে সভা প্রতিরোধে মিলনায়তনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় আজীবন সদস্য ফোরাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটা থেকে দুই পক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকে। একপর্যায়ে দুই পক্ষই স্লোগান দিতে থাকে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজের কিছু ছাত্র অধ্যক্ষকে সভা বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দেন। এরপর জরুরি বৈঠক ডাকা হয়।তবে মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা ইসলাম দাবি করেন, ‘মিলনায়তন ব্যবহারের অনুমতি বাতিল করার পর আমরা একাডেমিক ভবনের সামনে মুলতবি সভা করেছি। এতে সভাপতিত্ব করেন কমিটির সহসভাপতি মোরশেদ হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি শেখ শফিউল আজম।’তবে আঞ্জুমান আরার দাবিকে ডাহা মিথ্যাচার বলে দাবি করে হাসপাতালের আজীবন সদস্য ফোরাম। ফোরামের আহ্বায়ক আবু বক্কর বলেন, ‘সভার স্থান উল্লেখ করা হয়েছে মিলনায়তন। মিলনায়তন ও ক্যাম্পাস ব্যবহার বাতিল করা হলো। অথচ তাঁরা এখন বলছেন সভা হয়ে গেছে। এটা তো মিথ্যাচার ও ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমরা তো সভায় অংশ নিতেই গিয়েছিলাম।’পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বলেন, ‘পরিস্থিতি অশান্ত হয়ে উঠছিল। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ মিলনায়তন ব্যবহারের জন্য তাদের দেওয়া পূর্বের অনুমতি বাতিল করে।’