অনুষ্ঠানে অতিথি না করায় বাড়ি ভাঙচুর কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের চহুতপুর এলেমউদ্দিন শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নামধারী ও ছাত্রদল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে হাতাহাতির পর বিকেলে ওই ঘটনার জেরে মহানগর শ্রমিক লীগের নেতা আবদুর রাজ্জাকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাঁকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।ছাত্রদলের কর্মী সাইফুল ইসলাম শাহীনের অভিযোগ, এলেমউদ্দিন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদারকে প্রধান অতিথি না করায় তাঁর অনুগত সমর্থকেরা ছাত্রদলের কর্মীদের মারধর করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে বিকেলে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের কর্মী মো. সজীব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় সজীবের চাচা শ্রমিক লীগের নেতা ঘর থেকে বেরিয়ে এলে তাঁর হাতের ওপর কোপ দেয় হামলাকারীরা। আহত রাজ্জাক বলেন, ‘সকালে বিদ্যালয়ের ঘটনার জের ধরে বিকেলে ১০-১২ জনের একটি দল আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে তারা আমাকে কুপিয়ে জখম করে। হামলা চালিয়ে ঘটনাটি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি সাতজনকে আসামি করে মামলা করেছি।’যোগাযোগ করা হলে জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘আমার অনুপস্থিতিতে স্থানীয় ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। যেখানে মেয়র শওকত হোসেন হিরণকে প্রধান অতিথি করা হয়েছে, সেখানে আমাকে প্রধান অতিথি করার দাবি অযৌক্তিক। ছাত্রলীগের নামধারীরা এটা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই করেছে।’