অনুষ্ঠানে দরকার হলেই ডাক পড়ে ওই শিক্ষকদের
প্রয়োজন ছিল ২০০ জনের, কিন্তু ৩৫০ জন আসায় চাপে পড়ে গেলেন তাঁরা। মিলনায়তনে পর্যাপ্ত আসন না থাকায় অনেককেই দাঁড়িয়ে থাকতে হয়। একপর্যায়ে অসন্তোষ থেকে বেধে যায় হুলুস্থুল। তবে কোনো অঘটন ঘটেনি। গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা প্রশাসন। আমন্ত্রিতরা ছিলেন স্থানীয় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শিক্ষক। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের ভাষ্যমতে, কোনো জমায়েতের প্রয়োজন হলেই পিটিআইয়ে তাঁদের আমন্ত্রণ জানায় জেলা প্রশাসন। না গেলে আছে শাস্তির ভয়। শিক্ষকেরা জানান, স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে ২০০ জন শিক্ষক নিয়ে আসতে পিটিআই কর্তৃপক্ষকে নির্দেশ দেয় জেলা প্রশাসন। সন্ধ্যা সাতটার দিকে ৩৫০ জন শিক্ষককে প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিয়ে ওই মিলনায়তনে নিয়ে যান পিটিআইয়ের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) আবদুল কাইউম। সেখানে পর্যান্ত চেয়ার না থাকায় শতাধিক শিক্ষক দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে এই অসুবিধার কথা তাঁরা আবদুল কাইউমকে জানান। তিনি বিষয়টি প্রশাসনের একজন কর্মকর্তাকে জানালে ওই কর্মকর্তা তাঁর ওপর রেগে যান। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এর প্রতিবাদে সব শিক্ষক মিলনায়তন ছেড়ে বের হয়ে আসেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমডি আল আমিন শিক্ষকদের শান্ত করে মিলনায়তনে ফিরিয়ে নেন। অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।নাম প্রকাশ না করার শর্তে পিটিআইয়ের কয়েকজন শিক্ষক বলেন, প্রশিক্ষণার্থী শিক্ষকদের সরকারি বিভিন্ন কর্মসূচিতে যেতে বাধ্য করা হয়। কেবল জমায়েতের দরকার হলেই ডাক পড়ে তাঁদের। না গেলে জরিমানা করে পিটিআই কর্তৃপক্ষ। একজন শিক্ষক জানান, তাঁর বাড়ি সুনামগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে। ছুটি উপলক্ষে তিনি বাড়িতে ছিলেন। শুধু প্রশাসনের আলোচনায় উপস্থিত থাকার জন্য কর্তৃপক্ষের নির্দেশে ২০০ টাকায় মোটরসাইকেল ভাড়া করে তাঁকে শহরে আসতে হয়। শিক্ষকেরা জানান, পিটিআইয়ের পক্ষ থেকে তাঁদের বলা হয়, অনুষ্ঠানের পর ক্যম্পাসে সবার নাম ডাকা হবে। কেউ অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।এ ব্যাপারে আবদুল কাইউম বলেন, ‘মিলনায়তনে গিয়ে আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। বিষয়টি জানালে প্রশাসনের একজন কর্মকর্তা উত্তেজিত হয়ে ওঠেন। চেয়ারের ব্যবস্থা হচ্ছে বললেই আর সমস্য হতো না।’ তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, কমপক্ষে ২০০ জন লাগবে। কিন্তু ছুটির দিন থাকায় কেউ অনুষ্ঠানে যাবে আর কেউ ছুটি ভোগ করবে, এ নিয়ে মনোমালিন্যের আশঙ্কায় সবাইকে নিয়ে যাওয়া হয়। কোনো অনুষ্ঠানে শিক্ষকদের যোগ দেওয়ার ব্যাপারে তাঁদের নাম ডাকার (রোল কল) কথা তিনি স্বীকার করেছেন। তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) এমডি আল আমিন বলেন, ‘বসার জায়গা ছিল না বলে শিক্ষকেরা একটু বাইরে বের হয়েছিলেন। পরে আমি তাঁদের আবার মিলনায়তনে নিয়ে আসি। এর বেশি কিছু হয়নি।’