অনুষ্ঠানে বসা নিয়ে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৪
কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌর ছাত্রলীগের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে মোখলেছুর রহমান ও আনোয়ার হোসেনের পক্ষের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মোখলেছুরের পক্ষের নেতা-কর্মীরা আনোয়ারের পক্ষের দুই কর্মীকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে হোসেনপুর পৌর এলাকার হাসপাতাল ও চৌরাস্তার পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আনোয়ারের পক্ষের পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলিফ (২২), ছাত্রলীগ কর্মী সাফিকুল ইসলাম (২৮), ওষুধ ব্যবসায়ী বিমল চন্দ্র সূত্রধর (২৫) ও পথচারী তারেক রহমান (২০) আহত হন। তাঁদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পৌর ছাত্রলীগের সভাপতি মোখলেছুর রহমান বলেন, বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের ছোট ভাইদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এলাকায় রামদা নিয়ে মহড়া দেয়। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রথমে ছোট ভাইদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে এটা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে সিনিয়র ভাইয়েরা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন সন্ধ্যা ছয়টার দিকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে মীমাংসার চেষ্টা চলছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় কাউকে আটক বা মামলা হয়নি। তবে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং ঘটনাস্থাল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।