বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন
অনুষ্ঠানে হট্টগোল ও জেলা বিএনপির সম্পাদককে লাঞ্ছিত করার চেষ্টা
চার তারকা হোটেলে দলীয় ইফতার মাহফিল আয়োজনের বিরোধিতা করায় গতকাল মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের বাগ্বিতণ্ডা হয়েছে। একপর্যায়ে সভাপতির সমর্থকেরা সম্পাদক জয়নাল আবেদীনকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনাকে কেন্দ্র করে সভায় দুই পক্ষের মধ্যে হইচই, হুড়োহুড়ি ও হট্টগোল হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
দলীয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের প্রতিষ্ঠাতার শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় জেলা বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।
জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার বলেন, সভার শুরু থেকেই হযবরল অবস্থা ছিল। জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা হলেও জ্যেষ্ঠ নেতাদের বসার জায়গা ছিল না। বিএনপির সভা হলেও সেখানে অবাঞ্ছিত লোকজনে ভরা ছিল। জেলা বিএনপির কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে মহিলা দলের মতো সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হয়। পরিবেশ না থাকায় অনেক নেতা সভাস্থল থেকে বেরিয়ে যান।
সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা বলেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় প্রতিষ্ঠাতার শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মওদুদ হোসেন আলমগীর, কেন্দ্রীয় সদস্য শোকরানা, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান বক্তব্য দেন। সম্পাদক জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, সহসভাপতি ফজলুল বারী, আলী আজগর তালুকদারসহ অন্যরা উপস্থিত থাকলেও বক্তব্যদানের সুযোগ দেওয়া হয়নি। সভা শেষে সাইফুল দলীয় ইফতার মাহফিল অপর নেতা শোকরানার মালিকানাধীন নাজ গার্ডেনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। এ সময় জয়নাল বিষয়টির বিরোধিতা করে বলেন, জেলা বিএনপির ইফতার মাহফিল কোথায় হবে, সেটা দলীয় ফোরামে বসে ঠিক করা হবে। আজকের সভায় এ নিয়ে আলোচনা হতে পারে না। এতে ক্ষুব্ধ হয়ে সেখানে উপস্থিত যুবদলের সাবেক কিছু নেতা-কর্মী সভাপতির পক্ষ নিয়ে চিৎকার করে বলেন, নাজ গার্ডেনেই ইফতার মাহফিল হবে। এ সময় সভাপতির সমর্থকেরা সম্পাদকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হইচই আর হট্টগোলের মধ্যে সম্পাদককে লাঞ্ছিত করার চেষ্টা করেন সভাপতির লোকজন। এ সময় একজন কর্মী মুঠোফোনে ভিডিও করার চেষ্টা করলে তাঁকেও লাঞ্ছিত করা হয়।
জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, সভাপতির চামচা হিসেবে পরিচিত ফারুকুল ও জুম্মন শেখ নামে দুজন ব্যক্তি জেলা বিএনপির সভায় অবাঞ্ছিতভাবে প্রবেশ করে হট্টগোলের সৃষ্টি করেন। পরে অবশ্য তাঁরা ক্ষমা চাইলে বিষয়টি মিটমাট হয়। তিনি আরও বলেন, জেলা বিএনপির ইফতার মাহফিল সভাপতির আস্থাভাজন বিশেষ নেতার মালিকানাধীন হোটেলে হবে না। দলীয় সভায় আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য স্থানে তা হতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলার কিছু নেই।
তবে সাইফুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।