অনুষ্ঠানের আধিক্য ও দোকানের ভিড়ে ছিল অস্বস্তিকর পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের আধিক্য আর অপরিকল্পিত দোকানপাট বসানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে গত বৃহস্পতিবার ছিল অস্বস্তিকর পরিবেশ। বর্ষবরণ উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে ঘুরতে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।এবারও বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন নারী। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রতিবেদক তাঁকে নারী লাঞ্ছনার কথা জানিয়েছেন। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।জানা যায়, সন্ধ্যায় বেসরকারি একটি টেলিভিশনের নারী প্রতিবেদক টিএসসিতে ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত কনসার্টের সংবাদ সংগ্রহ করতে গেলে লাঞ্ছনার শিকার হন। সঙ্গে পরিচয়পত্র, মাইক্রোফোন ও ক্যামেরাম্যান থাকা সত্ত্বেও ওই প্রতিবেদককে বাধা দেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। পরে ছাত্রলীগের কয়েকজন নেতা বিষয়টি সমাধান করেন।সন্ধ্যায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে লাঞ্ছনার শিকার হন আরেক তরুণী। অভিভাবকসহ তরুণীটি এসেছিলেন দুজন বান্ধবীকে সঙ্গে নিয়ে। এ সময় কয়েকজন বখাটে তাঁদের উত্যক্ত করে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী এ সময় এগিয়ে যান। অবস্থা বেগতিক দেখে বখাটেরা হারিয়ে যায় জনস্রোতে।শুধু টিএসসি বা লাইব্রেরির সামনে নয়, ক্যাম্পাসে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের উৎসবে এসে লাঞ্ছিত হন অসংখ্য নারী।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, টিএসসিসহ ক্যাম্পাসজুড়ে অত্যধিক অনুষ্ঠান আয়োজন করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্যাম্পাসজুড়ে একাধিক কনসার্ট, মেলা আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কারণে উপচে পড়া ভিড় ছিল।বৈশাখ উদ্যাপনে সপরিবারে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসজুড়ে এত অনুষ্ঠানের ভিড়ে পা রাখাই ছিল কষ্টকর।’ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ প্রথম আলোকে বলেন, রাস্তাঘাট ছাড়াও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এতসংখ্যক দোকানপাট গড়ে তোলার ফলে ক্যাম্পাস যেন হাটবাজারে পরিণত হয়েছিল।প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখে ক্যাম্পাসে তিনটি বড় কনসার্ট অনুষ্ঠিত হয়। টিএসসি এলাকায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় একটি কোমল পানীয় কোম্পানি, মল চত্বরে একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির সহায়তায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় সহসভাপতি কনসার্টের আয়োজন করেন। হাকিম চত্বরে অনুষ্ঠান করে ইন্টারনেট-সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান। এর নেপথ্যে সুবিধা পেয়েছেন ছাত্রলীগের একটি হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া প্রক্টর অফিস থেকে ৩০টি দোকানের অনুমতি দেওয়া হলেও এ সংখ্যা ছিল প্রায় অর্ধশত।জানা যায়, গত বছর কয়েকজন নারী লাঞ্ছিত হওয়ায় এ বছর অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রথম দিকে কর্তৃপক্ষ বেশ সতর্ক ছিল। এমনকি টিএসসি এলাকায় কনসার্ট আয়োজনের অনুমতি দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। কিন্তু ক্ষমতাসীন ছাত্রসংগঠনের চাপে পয়লা বৈশাখের এক দিন আগে কর্তৃপক্ষ ওই অনুমতি দিতে বাধ্য হয়। অভিযোগ রয়েছে, অনুমতি পাইয়ে দিতে ছাত্রলীগের কয়েকজন প্রভাবশালী নেতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা বলেন, কনসার্ট আয়োজনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সহযোগিতা করেছেন। এর বিনিময়ে আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।