অনুষ্ঠানের পাশে ময়লার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪–এর কার্যালয়সংলগ্ন ফুটপাতে নর্দমা থেকে তোলা ময়লার স্তূপ। গতকাল এই কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির সমাপ্তি অ​নুষ্ঠান l ছবি: সামছুর রহমান
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪–এর কার্যালয়সংলগ্ন ফুটপাতে নর্দমা থেকে তোলা ময়লার স্তূপ। গতকাল এই কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির সমাপ্তি অ​নুষ্ঠান l ছবি: সামছুর রহমান

ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে ময়লা, আবর্জনা ও মাটি। নর্দমা পরিষ্কার করে এসব ময়লা তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। তোলামাত্রই এগুলো সরিয়ে ফেলার কথা থাকলেও কয়েক দিন আগে তোলা এসব ময়লা শুকিয়ে গেছে। ফুটপাতজুড়ে এসব রাখার কারণে একজন মানুষের হেঁটে যাওয়ার জায়গাও নেই। ফুটপাতটি মিরপুর ১০ নম্বর গোলচক্করে অবস্থিত ডিএনসিসির অঞ্চল-৪-এর কার্যালয়ের ঠিক সামনে।
এরই মধ্যে গতকাল শনিবার সেই কার্যালয়েই ডিএনসিসি আয়োজন করে সাত দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির সমাপ্তি ঘোষণা অনুষ্ঠান। পরিচ্ছন্নতাবিষয়ক এই অনুষ্ঠানস্থলের অদূরে আবর্জনা জমে থাকার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম বলেন, ‘এই কার্যালয়ের সামনের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল হয়ে ছিল। তাদের ফেলা ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে। কিন্তু যানবাহনের স্বল্পতার কারণে ময়লাগুলো সময়মতো সরানো যায়নি।’
অনুষ্ঠানে জানানো হয়, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে গত ১৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে ডিএনসিসি। এই কর্মসূচিতে প্রতিটি এলাকার ভেতরের সড়ক ও মূল সড়ক পরিষ্কার, নদর্মার ময়লা পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত, সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ এই পরিচ্ছন্নতা কর্মসূচি সফল হয়েছে দাবি করে ডিএনসিসির কর্মকর্তারা জানান, এখন থেকে তিন মাস পরপর এমন কর্মসূচি আয়োজন করা হবে। অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, এবারের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ১৪ ফেব্রুয়ারি শুরু হলেও সবার মধ্যে সমন্বয় করে শুরু করতে ২-৩ দিন দেরি হয়েছে। তাই আরও তিন দিন বিশেষ এই কার্যক্রম চলবে।
গতকাল শনিবার দেখা যায়, টেকনিক্যাল থেকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রিন্সিপাল আবুল কাশেম সড়কটির দুই পাশেই গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, বাজার। টেকনিক্যাল মোড়ের এশিয়া সিনেমা হলের সামনে থেকেই বাঁশ-কাঠ দিয়ে দোকান তোলা হয়েছে। ওপরে প্লাস্টিকের ত্রিপল টানানো। আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা-ফুটপাতে গড়ে উঠেছে বাজার। রাস্তায় প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বাজার বসে। আর ফুটপাতের দোকানগুলো সারা দিনই থাকে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজকেও মেয়রের সঙ্গে কথা বলেছি। এসব ফুটপাত পরিষ্কার না করতে পারলে পরিচ্ছন্নতা কর্মসূচি ফলপ্রসূ হবে না। আমাদের দলীয় কিছু লোকজনও এসব ফুটপাত দখলের সঙ্গে জড়িত। ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে এগুলো উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হবে।’
একই চিত্র দেখা যায়, মিরপুরের কালশী সড়কটির ফুটপাতের ক্ষেত্রেও। সেখানে গড়ে উঠেছে চা-শিঙাড়া ও ফলের দোকান। আছে স্যানিটারি সামগ্রী, লোহা ঝালাইয়ের দোকান, লেপ-তোষকের দোকান। অপর পাশের ফুটপাতে সারি সারি লোহালক্কড়ের সামগ্রী বিক্রির দোকান। লোহার গ্রিল, দরজা সবই রাখা হয়েছে ফুটপাতের ওপর।
পরিচ্ছন্নতা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, সড়কের পাশের দোকানদাররা ফুটপাত দখল করছেন। ড্রেন উপচে পড়ছে ময়লা। এসব ময়লা সাধারণ জনগণই ফেলে। তাই ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। এবার পরিষ্কার করা ড্রেন আবার যাতে ভরে না যায় ওয়ার্ড কাউন্সিলরদের এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, ঢাকা উত্তরে ৯০ লাখ লোকের বসবাস। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য তৈরি হয়। লোকজন যেখানে ময়লা ফেলে সিটি করপোরেশনের সাড়ে তিন হাজার কর্মীর পক্ষে এই বর্জ্য অপসারণ করা কষ্টসাধ্য।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলামের সভাপতিত্বে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম, ৯ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী আমেনা, পরিচ্ছন্নতা পরিদর্শক হাবিব আল আহসান প্রমুখ বক্তব্য দেন।