অনুষ্ঠিত হলো আইইউবিএটির গবেষণা সম্মাননা-২০২২
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ‘গবেষণা সম্মাননা-২০২২’ অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়টির ৫৬ জন শিক্ষককে তাঁদের ১০৪টি সফল গবেষণা ও প্রকাশনার জন্য সম্মাননা দেওয়া হয়।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইইউবিএটির প্রতিষ্ঠাতা এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের’ আওতায় প্রতিবছর বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের এই গবেষণা সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুক। সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য আবদুর রব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির সহ-উপাচার্য হামিদা আখতার বেগম। মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ান রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনার জন্য আইইউবিএটির শিক্ষক ও গবেষকদের গবেষণা মঞ্জুর, দিকনির্দেশনা ও মূল্যায়ন পরিচালনা করে।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, জলবায়ু, টেকসই উন্নয়ন ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিবছর এসব গবেষণার ফলাফল নিয়ে সেমিনার আয়োজন করা হয়।