অনুসন্ধান কমিটি গঠনে অধ্যাদেশ জারি হতে পারে
নতুন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য অনুসন্ধান (সার্চ) কমিটি গঠনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। গতকাল শনিবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেছেন।স্থানীয় সরকারমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্টে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে এ কথা জানান।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন যত দ্রুত গঠন করা যায়, ততই মঙ্গল। রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন। এখন সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কী কী আইনগত বিষয় আছে, কোনো পরিপত্র জারি করতে হবে কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেও সাময়িকভাবে সার্চ কমিটি গঠন করতে পারেন।’স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠন খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে, কারণ ঢাকা সিটি করপোরেশন ও বিভিন্ন উপনির্বাচনসহ শতাধিক নির্বাচন নতুন কমিশনের অধীনে হওয়ার কথা। তিনি উল্লেখ করেন, পুরোনো ১৯টি জেলাকে ক্রমান্বয়ে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অচিরেই জেলা পরিষদেও নির্বাচিত প্রতিনিধিরা আসবেন। জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরিষদের নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হবে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, সংসদের আগামী অধিবেশনেই সংশোধনের বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।মন্ত্রী আরও বলেন, সরকার যখন জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়, তখন সরকারের ভেতর ও বাইরে থেকে এবং সুশীল সমাজ ও ‘ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ’-এর (কায়েমি স্বার্থবাদী মহল) পক্ষ থেকে অনেক বাধা এসেছিল। কিন্তু সরকার অনড় থেকেছে।ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির প্রশংসা করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে গোটা দেশে এ পদ্ধতি চালু না-ও থাকতে পারে। কারণ, নির্বাচন কমিশনের কাছে এত মেশিন নেই। অবহিতকরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, যুগ্ম সচিব অশোক মাধব রায়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডেভিড জুখ্যাম প্রমুখ বক্তব্য দেন।